নোয়াখালীর কবিরহাটে ট্রাস্ট ব্যাংকের শাখা চালু

নোয়াখালীর কবিরহাট পৌরসভায় ট্রাস্ট ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার। সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনাবাহিনীর প্রধান ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের প্রধান ব্যবস্থাপক ইসতিয়াক আহমেদ চৌধুরী, কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এনায়েত উল্যাহ ও ডিজিডিপি মেজর জেনারেল সাহেদুল হক। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজ ৩৮ শতাংশ শেষ হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় বাকি কাজও যথাসময়ের মধ্যে শেষ হবে।