নৌ প্রটোকল ও ব্যাংকিং সুবিধা চান ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ–​িময়ানমার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এস এম নূরুল হক l প্রথম আলো
দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ–​িময়ানমার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এস এম নূরুল হক l প্রথম আলো

মিয়ানমারের সঙ্গে বিপুল রপ্তানি বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুত নৌ প্রটোকল চুক্তি স্বাক্ষর ও ব্যাংকিং লেনদেনের সুবিধা চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ মিয়ানমার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতারা।
গতকাল সোমবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চেম্বার নেতারা এ দাবি জানান। রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন চেম্বার সভাপতি এস এম নুরুল হক ও নির্বাহী পরিচালক মোসলেহ উজ জামান।
মতবিনিময়কালে চেম্বার নেতারা বলেন, মিয়ানমারে গণতান্ত্রিক ধারা ফিরে আসার পর দেশটির সঙ্গে রপ্তানি বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যোগাযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের পক্ষে এ সম্ভাবনাকে কাজে লাগানো অনেক সহজ। এ জন্য দরকার সরকারি কার্যকর কিছু সিদ্ধান্ত।
বাংলাদেশ মিয়ানমার চেম্বারের সভাপতি এস এম নুরুল হক বলেন, দুই দেশের সঙ্গে নৌ প্রটোকলের খসড়া প্রায় চূড়ান্ত হয়ে আছে। এখনই উপযুক্ত সময় সেই প্রটোকল চুক্তি স্বাক্ষরের কার্যকর উদ্যোগ গ্রহণের। কারণ, সম্প্রতি মিয়ানমার তার দেশের পররাষ্ট্রনীতি অনুমোদন করেছে। সেই নীতির সঙ্গে সংগতি রেখে প্রটোকল স্বাক্ষরে দুই দেশের দিক থেকে উদ্যোগ নেওয়া জরুরি।
মতবিনিময়কালে আরও জানানো হয়, বর্তমানে মিয়ানমারে বৈধ পথে রপ্তানি বাড়ানোর বড় প্রতিবন্ধকতা ব্যাংকিং চ্যানেলে লেনদেনের সুবিধা না থাকা। এ কারণে মিয়ানমারে কোনো পণ্য রপ্তানি করতে হলে সিঙ্গাপুর হয়ে এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে হয়। এতে অনেক বেশি সময় লাগে এবং খরচ বেড়ে যায়। যত দিন দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে এলসি সুবিধা চালু করা সম্ভব না হয়, তত দিন সীমান্তপথে বাণিজ্যের সীমা এক লাখ ডলারে উন্নীত করার সুপারিশ করেন চেম্বার নেতারা। বৈধ পথে রপ্তানিতে নানা বাধা থাকায় দুই দেশের মধ্যে বাণিজ্যের সিংহভাগই এখন অবৈধ পথে হচ্ছে, যার সুবিধা পাচ্ছে না বাংলাদেশ।
বাংলাদেশ মিয়ানমার চেম্বার নেতারা বলেন, বর্তমানে মিয়ানমারে উন্নয়ন ও নির্মাণকাজ চলছে। সেখানেও বাংলাদেশের প্রকৌশলীদের পরামর্শক হিসেবে কাজ করারও সুযোগ রয়েছে।
চেম্বার নেতারা বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারে নির্মাণসামগ্রী, সিমেন্ট, রড, প্লাস্টিক পণ্য থেকে শুরু করে আলা, ওষুধ, তৈরি পোশাক, কৃষিজাত পণ্য, মাছ, আসবাবসহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ ও সম্ভাবনায় বেশি। এ জন্য দরকার বৈধ পথে বাণিজ্যের বিদ্যমান বাধাগুলো দূর করা।
মতবিনিময়কালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যেকার বাণিজ্য নিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রপ্তানিসংক্রান্ত কিছু পরিসংখ্যানও তুলে ধরা হয়। তাতে দেখা যাচ্ছে, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ মিয়ানমারে প্রায় আড়াই কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। ২০১৫-১৬ অর্থবছরে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার কোটি ডলারে। এর বিপরীতে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ মিয়ানমার থেকে তিন কোটি এবং ২০১৫-১৬ অর্থবছরে প্রায় চার কোটি ডলারের পণ্য আমদানি করেছে।
চেম্বার সভাপতি এস এম নুরুল হক বলেন, মিয়ানমারে বর্তমানে অনেক বিদেশি বিনিয়োগ হচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাক ও পোশাক খাতের আনুষঙ্গিক পণ্য উৎপাদন খাতেরও বিনিয়োগের সুযোগ রয়েছে।
চেম্বারের নির্বাহী পরিচালক মোসলেহ উজ জামান বলেন, আগামী বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সরকারি পর্যায়ে ৮ম যৌথ কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় দুই দেশের বাণিজ্যের বাধাগুলো দূর করার বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া আগামী মার্চে ইপিবির উদ্যোগে ও বাংলাদেশ মিয়ানমার চেম্বারের সহায়তায় মিয়ানমারে এক দেশীয় বাণিজ্য মেলা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।