নৌঘাটের বদলে পর্যটন ব্যবসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বৃত্তাকার নৌপথের জন্য ঢাকার চারপাশে ১৪টি নৌঘাট তৈরি করা হয়েছে। বেশির ভাগ ঘাটই অযত্নে–অবহেলায় পড়ে আছে। আবার কোনোটি পর্যটনকেন্দ্র, রেস্তোরাঁ, শুটিং ও পিকনিক স্পট হিসেবে দখল হয়ে গেছে

দুই বছর আগেই প্রকল্পটি শেষ হয়েছে। খরচও হয়ে গেছে সাড়ে ৯০ কোটি টাকা। বৃত্তাকার নৌপথের জন্য রাজধানীর চারপাশে ১৪টি নৌঘাট তৈরি করা হয়েছে। বেশির ভাগ ঘাটই অযত্নে–অবহেলায় পড়ে আছে। আবার কোনোটি পর্যটনকেন্দ্র, রেস্তোরাঁ, শুটিং ও পিকনিক স্পট হিসেবে দখল হয়ে গেছে। যানজট কমাতে ভূমিকা রাখতে পারছে না।

এ নৌপথ ব্যবহার করে যাতে সহজেই পণ্য ও যাত্রী পরিবহন করা যায়, সে উদ্দেশ্যে এ প্রকল্পটি নেওয়া হয়েছে। কিন্তু এসব ঘাট ব্যবহার করে পণ্য পরিবহন শুরুই হয়নি। আশুলিয়া সেতুর উচ্চতা কম হওয়ায় পণ্যবাহী কার্গো চলাচল সম্ভব হচ্ছে না। আর গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত যাত্রী পরিবহনের সেবাটি নামে মাত্র চালু রয়েছে। এভাবেই প্রকল্পটি ভেস্তে গেছে।

সম্প্রতি এ প্রকল্পের বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে এ চিত্র পাওয়া গেছে। আবার পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগের (আইএমইডি) সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন প্রতিবেদনের খসড়ায় বিভিন্ন অসংগতির কথা বলা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান সমাহার কনসালট্যান্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে দিয়ে এ পরিদর্শন করিয়েছে আইএমইডি। এর পাশাপাশি প্রকল্পটি জনগণের কতটা কাজে লাগছে, সেই সমীক্ষাও চালিয়েছে আইএমইডি। সেখানে ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, এ প্রকল্পটি যানজট নিরসনে কোনো ভূমিকা রাখতে পারছে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ প্রকল্পটি শুরু করে ২০০০ সালে, শেষ হয় ২০১৩ সালের জুন মাসে। শিগগিরই প্রকল্পটির প্রভাব মূল্যায়নের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে আইএমইডি।

এ প্রসঙ্গে আইএমইডির সচিব শহীদ উল্লাহ খন্দকার প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পটি শেষ হওয়ার পর জনগণের কতটা কাজে লাগছে, তা দেখতেই সরেজমিন পরিদর্শন করা হয়েছে। কোটি কোটি টাকা খরচ করা হলেও তা জনগণের তেমন কাজে লাগছে না। এতে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় হয়েছে। যাঁরা এ জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’

সরেজমিন: আশুলিয়া নৌঘাটে যাত্রীবাহী নৌকা ভিড়বে, যাত্রী ওঠানামা করবে। পণ্য পরিবহনও হবে এ ঘাট থেকেই—এমনই কথা ছিল। কিন্তু এ ঘাটে কোনো যাত্রীবাহী নৌকা বা ওয়াটার বাস ভিড়ে না, পণ্যবাহী কার্গো জাহাজ তো আসেই না। আশুলিয়া সেতুর উচ্চতা পানির স্তর থেকে মাত্র ১০-১২ ফুট। তাই এ নৌপথে পণ্যবাহী কার্গো চলাচল করতে পারে না। তবে এ ঘাটে আসেন তরুণ-তরুণীরা, প্রিয়জনকে নিয়ে নৌভ্রমণের আশায়।

সম্প্রতি আশুলিয়া ল্যান্ডিং স্টেশনে গিয়ে এ চিত্র দেখা গেছে। সরকারি টাকায় এ নৌঘাটটি করা হলেও এটি এখন পর্যটনকেন্দ্র হয়ে গেছে। তিন বছর ধরে গ্রিন লীফ কো-অপারেটিভ সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান এ নৌঘাটটি ইজারা নিয়ে পর্যটন ব্যবসা চালিয়েছে। সম্প্রতি নতুন ইজারাদার নিয়োগ হয়েছে।

এ নৌঘাটটি এখন শুটিং স্পট হিসেবে ব্যবহার করা হয়। আশপাশে জায়গা দখল করে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের ভবনটি ঘাটের কার্যালয় হিসেবে ব্যবহার করার কথা থাকলেও তাতে ফাস্টফুডের দোকান করা হয়েছে। এ পর্যটনকেন্দ্রে প্রবেশ করতে ফি হিসেবে ২০ টাকা গুনতে হয়।

নৌঘাটের ইজারাদারের তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিআইডব্লিউটিএ এখান থেকে কোনো যাত্রী বা পণ্য পরিবহনের জন্য নৌকা চালায় না। পর্যটনের চাহিদা রয়েছে বলেই রেস্তোরাঁ, নৌকাভ্রমণের ব্যবস্থা করা হয়েছে।

একই অবস্থা রাজধানীর পূর্ব দিকে বালু নদের পাড়ে ইছাপুরা ল্যান্ডিং স্টেশনে। এটিও ফাস্টফুডের দোকান হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে বিরুলিয়া ল্যান্ডিং স্টেশন ব্যবহৃত হয় খেয়া পারাপারের ঘাট হিসেবে। অন্য কোনো ল্যান্ডিং স্টেশন থেকে এ ঘাটে যাত্রীবাহী নৌকা ভেড়ে না।

এ বিষয়ে জানতে চাইলে নৌসচিব শফিক আলম মেহেদী প্রথম আলোকে বলেন, বিআইডব্লিউটিএ কী শর্তে এসব নৌঘাট ইজারা দিয়েছে এবং ইজারাদার অন্য উদ্দেশ্যে নৌ ঘাট ব্যবহার করছে কি না, খতিয়ে দেখা হবে। ঘাটগুলো দখলমুক্ত করার উদ্যোগও নেওয়া হবে। যখন পুরো বৃত্তাকার নৌপথটি পুরোপুরি চালু হবে, তখন ইজারা না দিয়ে নৌ মন্ত্রণালয় নিজেরাই এ ঘাটগুলো চালাবে বলে তিনি জানান।

আর বসিলা, আমিনবাজার, নবাবগঞ্জ ল্যান্ডিং স্টেশনও ব্যবহারের প্রায় অনুপযোগী। রক্ষণাবেক্ষণ না করায় বসিলা ঘাটটি ভেঙে গেছে। আর নবাবগঞ্জে পন্টুনসহ প্রয়োজনীয় অবকাঠামো নেই। আমিনবাজার ঘাটের ভবনটিকে কর্মচারীদের থাকার ঘর হিসেবে ব্যবহার করা হয়।

ওয়াটার বাসে যাত্রী মেলে না: গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত শুধু যাত্রী পরিবহনের জন্য ওয়াটার বাস চালায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। দৈনিক ১৪ বারের পরিবর্তে ছয়বার চলে। সময়সূচি ঠিক না থাকায় খুব একটা যাত্রীও পাওয়া যায় না।

সরেজমিনে দেখা গেছে, বেলা একটার ওয়াটার বাসটি দেড়টায় গাবতলী থেকে ছাড়ে। ৩৬ আসনের এই বাসে এ প্রতিবেদকসহ যাত্রী হন মাত্র সাতজন। নবাবগঞ্জের খোলামোড়া ও পুরান ঢাকার সোয়ারীঘাটে ভিড়লেও আমিনবাজার ও বসিলায় ধরেনি।

এ দুটি নৌঘাট ভেঙে গেছে, যাত্রী ওঠানামার অনুপযোগী—এ কারণে যাত্রী ওঠানামা বন্ধ বলে জানিয়েছেন ওয়াটার বাসের তত্ত্বাবধায়ক ভজন সাহা। অন্যদিকে টঙ্গী থেকে কাঁচপুর পর্যন্ত কোনো ওয়াটার বাস চলে না। তবে সীমিত পরিসরে কিছু কার্গো জাহাজ চলাচল করে।