নৌপথ উন্নয়নে ৩৬ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপথ উন্নয়নে ৩৬ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে দেশের প্রায় ৯০০ কিলোমিটার নৌপথের উন্নয়ন করা হবে। বিশেষ করে চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ নৌপথটি প্রাধান্য দেওয়া হবে।
গতকাল বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ রিজওনাল ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট প্রজেক্ট-১-এর আওতায় এ অর্থ দেবে বিশ্বব্যাংক। এ প্রকল্পের আওতায় পানগাঁওয়ে নতুন কার্গো টার্মিনাল তৈরি করা হবে। এ ছাড়া আশুগঞ্জ নৌবন্দরের কার্গো টার্মিনালের উন্নয়ন করা হবে। এ ছাড়া সদরঘাট, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশালের যাত্রীবাহী টার্মিনালের অবকাঠামো উন্নয়ন হবে।
বিশ্বব্যাংকের এ ঋণের সুদের হার শূন্য। তবে সার্ভিস চার্জ দিতে হবে দশমিক ৭৫ শতাংশ হারে। ঋণ পরিশোধ করতে হবে ৩৮ বছরে। আর গ্রেস পিরিয়ড ৬ বছর।