নৌপথে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য এখনো এক পণ্যনির্ভর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ প্রটোকলের আওতায় ব্যবসা-বাণিজ্য এখন শুধু একটি পণ্যের ওপর নির্ভরশীল
বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ প্রটোকলের আওতায় ব্যবসা-বাণিজ্য এখন শুধু একটি পণ্যের ওপর নির্ভরশীল

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ প্রটোকলের আওতায় ব্যবসা-বাণিজ্য এখন শুধু একটি পণ্যের ওপর নির্ভরশীল। এই প্রটোকলটি ব্যবহার করে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে সিমেন্টশিল্পের কাঁচামাল ফ্লাই অ্যাশ আনা হয় বাংলাদেশে। তাই বলা হয়, এটা শুধু একমুখী বাণিজ্য।
আবার এ প্রটোকলটি ব্যবহার করে ভারতীয় ব্যবসায়ীরা বছরে বড়জোর চার-পাঁচটি পণ্যের চালান বাংলাদেশের মধ্য দিয়ে আসামের গুয়াহাটি ও করিমগঞ্জ নেন। পর্যাপ্ত নাব্যতা না থাকায় তাঁরা বাংলাদেশের এ দুটি নৌপথ ব্যবহার করতে আগ্রহী নন। আর নৌপথে ভারতে কোনো পণ্য রপ্তানি হয় না।
দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ১৯৭২ সালে নৌ প্রটোকল করা হয়। তার পরও গত ৪২ বছরে নৌপথে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়নি বললেই চলে। এ প্রটোকলের আওতায় নির্দিষ্ট নৌপথে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আসামের গুয়াহাটি ও করিমগঞ্জে পণ্য নেওয়ার সুযোগ রয়েছে, যা নৌ ট্রানজিট হিসেবে পরিচিত। সেই সুযোগের খুব বেশি ব্যবহার হয়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ভারতীয় অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ (আইডব্লিওএআই) নিজ নিজ দেশের পক্ষে প্রটোকলটির যাবতীয় কার্যক্রম করে থাকে।
সরাসরি নৌপথ না থাকায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় নৌ প্রটোকল ব্যবহারের সুযোগ নেই। তবে বহুমাত্রিক পরিবহনব্যবস্থার অংশ হিসেবে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে, আর বাকিটা সড়কপথে আখাউড়া হয়ে আগরতলায় পণ্যের তিনটি পরীক্ষামূলক চালান নেওয়া হয়েছে। এটিও নিয়মিত করা হয়নি।
ভারত, নেপাল ও ভুটানকে পূর্ণাঙ্গ ট্রানজিট দিতে সরকার তিন বছর আগে একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদন অনুযায়ী, নৌপথে কলকাতা থেকে আসাম, করিমগঞ্জ কিংবা আশুগঞ্জ পর্যন্ত, বাকিটা সড়কপথে আগরতলা—এ তিনটি পথ চালু করা হলে বছরে ১৩ লাখ ২০ হাজার টন পণ্য ট্রানজিট হবে। এর মধ্যে আসামে চার লাখ ৯০ হাজার এবং অন্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে আট লাখ ৩০ হাজার টন যাবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ নৌপথগুলো সংস্কার কিংবা উপযোগী করতে এক হাজার ১৭১ কোটি টাকা খরচ হবে। তবে এ বিপুল বিনিয়োগ কীভাবে হবে, তা বলা হয়নি প্রতিবেদনে।
এক পণ্যনির্ভর প্রটোকল : ভারত থেকে ফ্লাই অ্যাশ ছাড়া আর কোনো পণ্য খুব একটা আমদানি করা হয় না। আবার বাংলাদেশ থেকে কোনো পণ্যও ভারতে নেওয়া হয় না।
কলকাতা হলদিয়া বন্দর থেকে পণ্যবাহী জাহাজ সাতক্ষীরার শেখবাড়িয়া নৌ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ এলাকাটি সুন্দরবনে অবস্থিত।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, গত ছয় মাসে (মে-অক্টোবর) এক হাজার ২০৮টি আমদানি চালানের (ভয়েজ) অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি চালানে লোহাজাতীয় পণ্য কলকাতা থেকে খুলনায় আনা হয়েছে। বাকিগুলো চালানই ফ্লাই অ্যাশ আমদানির জন্য। মূলত কলকাতা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নৌপথে ফ্লাই অ্যাশ এনে তা দেশের বিভিন্ন সিমেন্ট কারখানায় সরবরাহ করা হয়। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, নৌপথে ভারত থেকে প্রতিবছর গড়ে ১৫ লাখ টনের মতো ফ্লাই অ্যাশ আসে।
নৌপথ ব্যবহার করে অন্য কোনো পণ্য আমদানি করতে কোনো আমদানিকারক আবেদন করেননি। আবার এ পথ ব্যবহার করে গত ছয় মাসে মাত্র একটি চালানে ফ্লাই অ্যাশ ভারতের করিমগঞ্জে গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নৌ প্রটোকলের পথগুলোর সংস্কার করা হলে এবং আশুগঞ্জ বন্দর পর্যন্ত নৌপথে, সেখান থেকে সড়কপথে আগরতলায় নেওয়ার সুযোগ দেওয়া হলে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি আরও বাড়বে। আর নৌপথে পণ্য পরিবহনের খরচও তুলনামূলক কম।
নৌপথে পণ্য পরিবহন স্থলপথের চেয়ে অনেক সাশ্রয়ী। সূত্রগুলো বলছে, প্রটোকলের আওতায় কলকাতা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এক টন ফ্লাই অ্যাশ পরিবহন করলে বাংলাদেশি জাহাজমালিকেরা গড়ে ১২ ডলার বা ৯৬০ টাকা পান। অন্যদিকে সড়কপথে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত পণ্য আনতে ১৫ টনের ট্রাকের ভাড়া পড়ে ২০-২৫ হাজার টাকা। সেই হিসাবে, প্রতি টনের পরিবহন খরচ হয় এক হাজার ৩৫০ থেকে এক হাজার ৬৫০ টাকা। সড়কপথে পণ্য আনতে কলকাতা থেকে বেনাপোল পর্যন্ত ভারতীয় ট্রাকে, আর বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত বাংলাদেশি ট্রাকে পণ্য আনতে হয়। ট্রাক বদল করতেই বাড়তি টাকা গুনতে হয়।
প্রটোকলের আওতায় জাহাজ চলাচল করে এমন একটি প্রতিষ্ঠান নেক্সাস করপোরেশনের স্বত্বাধিকারী সানাউল হক প্রথম আলোকে বলেন, নৌপথে পণ্য পরিবহন অনেক সাশ্রয়ী, তাই এ পথে পণ্য আমদানি-রপ্তানির সুযোগ করে দেওয়া উচিত। উদাহরণ দিয়ে তিনি বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের বিপুল পরিমাণ সুতা আমদানি করা হয়। সেই সুতা যদি নৌপথে আনার সুযোগ দেওয়া হতো, তাহলে এ পথে ব্যবসা-বাণিজ্য আরও বাড়ত। একইভাবে পাট ও পাটজাতীয় পণ্য নৌপথে ভারতে রপ্তানির সুযোগ তৈরি করা উচিত। একসময় নৌপথেই পূর্ববঙ্গ থেকে কলকাতায় পাট যেত।
আগরতলার পথটি খোলেনি: ভারত ২০১১ সালে নৌ প্রটোকলের আওতায় বহুমাত্রিক ব্যবস্থায় পণ্য নেওয়ার আগ্রহ প্রকাশ করে। এ ব্যবস্থার আওতায় আশুগঞ্জ বন্দর পর্যন্ত নৌপথে, পরে সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আগরতলায় যাবে। পরের বছর এ পথে লোহা ও লোহাজাতীয় পণ্যের তিনটি পরীক্ষামূলক চালানও যায়। পরীক্ষামূলক চালানের পর এ পথটি নিয়মিত করা হয়নি। তবে ভারতের অনুরোধে বাংলাদেশ এ পথে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রে ভারী যন্ত্রাংশ আগরতলায় নেওয়ার সুযোগ করে দিয়েছিল। মানবিক কারণ দেখিয়ে এখন এ পথে ১০ হাজার টন খাদ্যশস্য নেওয়া হচ্ছে।
তিন বছর ধরে ভারত এ পথটি নিয়মিত করার জন্য তাগাদা দিয়ে আসছে। এ নিয়ে নৌ মন্ত্রণালয়কে একাধিক চিঠিও দেওয়া হয়েছে।