চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পুরোপুরি চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারীরা। গতকাল মঙ্গলবার বন্দর উপদেষ্টা কমিটির সভায় নৌমন্ত্রী শাজাহান খানের কাছে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। সভায় টার্মিনালটি চালু না হওয়ার কারণও জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে।
একই সভায় বন্দরের বিভিন্ন কেনাকাটায় অনিয়মের অভিযোগ তুলে ধরেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী; যিনি বন্দরের বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তাঁর দাবির বিষয়ে নৌমন্ত্রী বলেন, ‘যৌক্তিক দাবিগুলো আমরা গ্রহণ করছি। বন্দরের দুর্নীতি নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো আইন অনুযায়ী চলবে। তাতে কোনো বাধা দেওয়া হবে না।’ আর ব্যবহারকারীদের দাবি, টার্মিনালটি নির্মাণের সাত বছর পরও এটি পুরোপুরি চালু হয়নি।
চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও নৌমন্ত্রী শাজাহান খান। এ সময় চট্টগ্রামের সাংসদ, বন্দর ও নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বন্দর ব্যবহারকারী ফোরাম ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, গত বছরের ডিসেম্বরে এই টার্মিনাল চালু হওয়ার কথা ছিল। সরকারি প্রকল্প হওয়ায় এটি এখনো চালু হচ্ছে না। মন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আজকের (গতকাল) সভায় সিদ্ধান্ত নেন, কবে কখন এটি চালু হবে।’
বিজিএমইএর বন্দর ও জাহাজীকরণবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাছির উদ্দিন চৌধুরী বলেন, উপদেষ্টা কমিটির প্রথম সভায় এই টার্মিনাল চালু করা নিয়ে আলোচনা হয়েছে। বন্দরের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এটি চালুর বিকল্প নেই।
ক্ষোভের জবাবে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, নিউমুরিং টার্মিনাল আংশিক চালু আছে। এটির পরিচালনা নিয়ে যে জটিলতা, তা এখনো শেষ করতে পারিনি। তবে শঙ্কার কারণ নেই। এটি শিগগির চালু করা হবে।
প্রসঙ্গত, ২০০৭ সালের মে মাসে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই টার্মিনালের দুটি জেটিতে সনাতন পদ্ধতিতে কনটেইনার ওঠানো-নামানো শুরু হয়। একই বছরের ডিসেম্বরে ৫৬৮ কোটি টাকা ব্যয়ে পাঁচটি জেটির নির্মাণকাজ শেষ হয়। তবে এখনো তিনটি জেটিতে কোনো রকম কর্মকাণ্ড চলছে না।