নৈসর্গিক সৌন্দর্যের বান্দরবানে চলছে ভুতুড়ে অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের স্বর্ণমন্দিরের সিঁড়িতে পা পড়ে না পর্যটকের l ছবি: প্রথম আলো
বান্দরবানের স্বর্ণমন্দিরের সিঁড়িতে পা পড়ে না পর্যটকের l ছবি: প্রথম আলো

বান্দরবানে পর্যটন ব্যবসায়ীদের কপালে হাত। জেলা শহর ও শহরতলির পর্যটন কেন্দ্রগুলো একেবারে খালি পড়ে আছে। সেখানে যেন এক ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। পর্যটনের ভরা মৌসুমে কেওক্রাডং, বগা লেক, নীলগিরি, নীলাচল, স্বর্ণমন্দির, মেঘলা এসব নান্দনিক ও নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলোর কোথাও কোনো পর্যটক নেই।
ছোট-বড় ৫০টির বেশি আবাসিক হোটেল ও মোটেল আছে বান্দরবানে। এগুলোতে মালিকের পাশাপাশি রয়েছেন প্রায় ৬০০ শ্রমিক-কর্মচারী। ২০০ ভাড়াটে গাড়ির সঙ্গে জড়িত রয়েছেন মালিক, চালক ও চালকের সহকারী। এ ছাড়া রয়েছেন পর্যটন গাইড। সবাই এখন কর্মহীন জীবন যাপন করছেন। পর্যটক আসা বন্ধ হওয়ায় তাঁদের আয়-রোজগারও বন্ধ।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বছরের হরতাল-অবরোধের ক্ষতির ধকল কাটতে না কাটতে আবার একই রকম পরিস্থিতি তাঁদের আর্থিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে।
বগা লেকের ওয়াইবিএ গেস্টহাউসের মালিক জিং মুনলিয়ান বম প্রথম আলোকে বলেন, পাহাড় অঞ্চলে পর্যটনের ভরা মৌসুম হচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ ও জানুয়ারি মাস। বার্ষিক পরীক্ষা শেষ ও নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগের এই সময়ে সবাই সপরিবারে বেড়াতে আসেন এখানে। কিন্তু এবার জানুয়ারির শুরু থেকেই হরতাল ও অবরোধ। যে কারণে পর্যটক আসতে পারছেন না।
লালজিক বম কটেজের জমকুম বম বলেন, বগা লেকে ২০-২৫টি কটেজ ও অবকাশযাপন কেন্দ্র রয়েছে। এগুলোর প্রতিটিতে চলতি মাসে গড়ে ক্ষতি হয়েছে এক লাখ টাকা করে। এ সময়ে দেশের সর্বোচ্চ পাহাড় তাজিংডংসহ কেওক্রাডং, বগা লেক ও জাদিপাই ঝরনায় কোনো পর্যটক দেখা যায়নি।
পর্যটন মোটেলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর জানান, তাঁরা আশা করেছিলেন যে গত বছরের ক্ষতি এবার কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াই এখন মুশকিল হয়ে গেছে।