নোকিয়া ১৮০০ কর্মী ছাঁটাই করবে
ফিনল্যান্ডের মোবাইল ফোনসেট নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শিগগিরই ১৮০০ জন কর্মী ছাঁটাই করবে। কোম্পানিটিতে নতুন যোগ দেওয়া প্রধান স্টিফেন ইলোপ জানান, শিল্পের ক্ষেত্রে নোকিয়ার অবস্থান যাচাই করা প্রায়োজন। তিনি আরও বলেন, কোম্পানিটি খুবই খারাপ সময় অতিবাহিত করছিল এবং এখন কোম্পানির ভূমিকা পুনর্বিবেচনা করা প্রয়োজন।ইলোপ অতীতে মাইক্রোসফটের সঙ্গে যুক্ত ছিলেন এবং ফিনল্যান্ডের বাইরের কোনো দেশের নাগরিক হিসেবে প্রথম গত মাসে নোকিয়ার দায়িত্বভার নেন। বিশ্বের সর্ববৃহত্ মোবাইল ফোনসেট নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া জানিয়েছে, এ বছর তারা ১১ কোটি মোবাইল ফোনসেট বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় শতকরা দুই ভাগ বেশি। এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিগত তিন মাসে প্রতিষ্ঠানটি মোট মুনাফা করেছে প্রায় ৫৩ কোটি ইউরো। এক বছর আগে প্রতিষ্ঠানটির ক্ষতি ছিল প্রায় ৫৬ কোটি ইউরো।নোকিয়ার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে বাজারে কোম্পানির শেয়ারের পরিমাণ কমে যেতে পারে।স্মার্টফোন বিক্রির ফলে বাজারে কোম্পানিটির ব্যবসা দ্রুত বৃদ্ধির পায়।—বিবিসি