নোয়াখালীতে গভীর রাত অবধি চলছে কেনাবেচা
নোয়াখালী জেলা সদর ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীসহ বিভিন্ন উপজেলায় বিপণিবিতান ও মার্কেটগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ঈদের বেচাকেনা।তবে অনেক ক্রেতাই অভিযোগ করছেন যে অন্যবারের তুলনায় এবার দাম বেশি বলে তাঁরা পছন্দের পোশাক কিনতে হাঁপিয়ে উঠছেন। কলেজছাত্রী তহমিনা সুলতানা বলেন, এবারে প্রতিটি বিপণিবিতানেই জামা-কাপড়ের দাম গতবারের চেয়ে দেড় থেকে দ্বিগুণ বেশি। চাকরিজীবী সহিদুল ইসলাম বলেন, শহরের কিছু কিছু দোকানে একদরের নামে রীতিমতো গলাকাটা ব্যবসা চলছে। সাধারণ মানের পণ্যের গায়েও ইচ্ছামতো দাম লিখে ক্রেতাদের ফাঁদে ফেলা হচ্ছে। এ প্রসঙ্গে বিক্রেতাদের বক্তব্য হলো পাইকারি বাজারেই এবারে প্রতিটি পণ্যের দাম বেশি। তাই তাঁরাও বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন। এখানকার মার্কেট বিপণিবিতানগুলো ঘুরে দেখা গেছে, সর্বত্রই সব বয়সী ক্রেতাদের উপচে পড়া ভিড়। শহরের প্রধান সড়কের পাশের কাপড় ব্যবসায়ী মো. লিটন প্রথম আলোকে জানান, এবারে বাচ্চাদের জামা-কাপড় ৫৫০ থেকে আড়াই হাজার টাকা, মেয়েদের থ্রি-পিস এক হাজার ১৫০ টাকা থেকে ছয় হাজার টাকা, সুতি প্রিন্টের শাড়ি ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা এবং কারুকাজ করা সুতির শাড়ি এক হাজার ৪৫০ থেকে সাড়ে তিন হাজার টাকা দামে বিক্রি হচ্ছে।এদিকে বড় বড় বিপণিবিতানের পাশাপাশি নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে হকার্স মার্কেটের দোকানগুলোও। স্কুলশিক্ষক মোশারফ হোসেন বলেন, ‘বড় দোকানে দাম হাঁকায় বেশি। তাই এসব দোকানই আমাদের মতো মধ্যবিত্তদের প্রধান ভরসা।’