নোয়াখালীতে গভীর রাতেও চলছে ঈদের কেনাবেচা
নোয়াখালীতে জমে উঠেছে ঈদের বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিপণিবিতান ও হাটবাজারগুলোয় চলছে ঈদের বেচাকেনা।সরেজমিনে শহরের মাইজদী বাজার, হকার্স মার্কেট ও প্রধান সড়কের পাশের বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে এবার দাম বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা।ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, পাইকারি বাজারেই প্রতিটি পণ্যের দাম এবার বেশি। তাই তাঁদেরও বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।শহরের প্রধান সড়কের পাশের কাপড় ব্যবসায়ী রণজিৎ দাস প্রথম আলোকে বলেন, এবার বাচ্চাদের জামাকাপড় ৩৫০ থেকে দেড় হাজার টাকা, থ্রি-পিস কাটা ৫৫০ থেকে ৭৫০ টাকা, থ্রি-পিস সেলাই করা এক হাজার ১৫০ থেকে সাড়ে চার হাজার টাকা, সুতি প্রিন্টের শাড়ি ৪০০ থেকে ৬৫০ টাকা ও সুতি কারুকাজ করা এক হাজার ১০০ থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।ঈদের কেনাকাটা করতে আসা কলেজছাত্রী বিবি আয়েশা বলেন, এবার প্রতিটি বিপণিবিতানেই কাপড়চোপড়ের দাম আকাশচুম্বী। দোকানদারেরা দাম ছাড়তে চান না। তিনি একটি মধ্যম মানের থ্রি-পিস কিনেছেন এক হাজার ৬৫০ টাকা দিয়ে। একই মানের থ্রি-পিসের দাম গতবার ছিল ৭৫০ থেকে ৮০০ টাকা।গৃহিণী ইসরাত আরা বলেন, শহরের বড় কয়েকটি বিপণিবিতানে একদরের নামে রীতিমতো ক্রেতাদের গলাকাটা ব্যবসা চলছে। সাধারণ মানের পণ্যের গায়েও বিক্রেতারা তাঁদের ইচ্ছামতো দাম লিখে রেখে ক্রেতাদের ফাঁদে ফেলছেন। এতে অনেক সাধারণ পরিবারের সদস্যকে বাচ্চাদের নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।এদিকে শহরের বড় বড় বিপণিবিতানের পাশাপাশি জমে উঠেছে হকার্স মার্কেটের দোকানগুলো। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের ভিড় বেশি সেখানকার দোকানগুলোয়। বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মচারী আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘বড় দোকানে দাম হাঁকায় বেশি। দাম ছাড়তে চায় না। আমাদের মতো মধ্যবিত্তদের এসব দোকানই ভরসা।’অন্যদিকে, জেলার প্রধান বাণিজ্যিক শহর বেগমগঞ্জের চৌমুহনী এবং বিভিন্ন উপজেলার বিপণিবিতান ও মার্কেটগুলোয় ঈদের কেনাবেচা এখন বেশ জমজমাট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঈদের কেনাকাটা চলছে।