মেয়াদোত্তীর্ণ বিমার টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহকেরা
নোয়াখালীতে বায়রা লাইফ ইনস্যুরেন্সের কার্যালয় ঘেরাও
মেয়াদোত্তীর্ণ বিমার অর্থ পরিশোধের দাবিতে নোয়াখালীতে বায়রা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির কার্যালয় ঘেরাও করেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। একই সময় গ্রাহকেরা শহরের প্রধান সড়কও (মাইজদী-সোনাপুর) অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র বিমা গ্রাহকেরা শহরের দত্তেরহাটের বায়রা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সার্ভিসিং সেল কার্যালয়ে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে কয়েক শ নারী ও পুরুষ গ্রাহক তাঁদের মেয়াদোত্তীর্ণ বিমার অর্থ পরিশোধের দাবিতে কার্যালয় ঘেরাও করেন।
সূত্র জানায়, বিমার অর্থ পরিশোধ নিয়ে এ সময় কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ গ্রাহকেরা কার্যালয়-সংলগ্ন শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। আধা ঘণ্টা অবস্থানের পর গ্রাহকেরা অবরোধ তুলে নেন। সুধারাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে কথা হয় ক্ষুদ্র বিমা গ্রাহক আফরোজা বেগমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ২০০৪ সালে মাসিক ১০০ টাকা হারে ১০ বছর মেয়াদি একটি ডিপিএস করেন। যেটির মেয়াদ শেষ হয়েছে ২০১৪ সালের নভেম্বরে। আমানত, লভ্যাংশসহ প্রায় ৪৮ হাজার টাকা পাওয়ার কথা থাকলেও গত দুই বছরে তিনি বিমার অর্থ পাননি।
বিমা কোম্পানির সুবর্ণচর এলাকার মাঠকর্মী শিরিন আক্তার জানান, তিনি শতাধিক গ্রাহকের ক্ষুদ্র বিমা করেছেন। যেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০১৪ সালে। কিন্তু গ্রাহকেরা এখনো পর্যন্ত তাঁদের আমানত ও লভ্যাংশের টাকা পাচ্ছেন না। গ্রাহকেরা প্রতিদিন তাঁর বাড়িতে ভিড় করছেন এবং তাঁর সঙ্গে অসদাচরণ করছেন।
কোম্পানির নোয়াখালী সার্ভিসিং সেল সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে এমন ক্ষুদ্র বিমা গ্রাহকের সংখ্যা প্রায় ৮০০ জন। যাঁদের পাওনা অর্থের পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।
বিমা কোম্পানিটির উন্নয়ন বিভাগের প্রধান (ইনচার্জ) দিলদাহার শাহেদ প্রথম আলোকে বলেন, বিমার মেয়াদ উত্তীর্ণ প্রায় সাত-আট শ গ্রাহকের টাকার চেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না দেওয়ায় গ্রাহকদের দেওয়া যাচ্ছে না। এ নিয়ে তাঁরা নিজেরাও বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন।