নোয়াখালীতে শীতের সঙ্গে বাড়ছে গরম কাপড়ের বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গরম কাপড়ের বেচাকেনাও বেড়েছে।
শহরের প্রধান সড়ক ও জেলা জজ আদালত সড়কের দুই ধারে গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। টানা অবরোধ ও হরতালের কারণে এত দিন ফুটপাতের এ ব্যবসায় স্থবিরতা বিরাজ করলেও গত দু-তিন দিনে শীত বেড়ে যাওয়ায় গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতারা ব্যাপক হারে ভিড় করেন। নিম্ন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ ছাড়াও ফুটপাত থেকে কম দামে গরম কাপড় কিনতে এসেছেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা।
তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফুটপাতে গরম কাপড়ের দোকান বসেছে কম। দামও আগের চেয়ে বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা। অন্যদিকে ব্যবসায়ীরা বলেন, হরতাল-অবরোধের কারণে গাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় এর কিছুটা প্রভাব পড়েছে খুচরা বিক্রিতে।
জেলা জজ আদালতের সামনে গরম কাপড় কিনতে আসা ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, অতীতে ফুটপাত থেকে একটি সোয়েটার ১৫০-১৬০ টাকায় পাওয়া যেত। এবার একই মানের সোয়েটার বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। শহরের প্রধান সড়কের পাশে গরম কাপড় নিয়ে বসা মো. জহির বলেন, টানা হরতাল ও অবরোধ কর্মসূচির কারণে পাইকারি বাজার থেকে গরম কাপড় কিনে আনতে আগে যে পরিমাণ ভাড়া লাগত, এখন তার চেয়ে দ্বিগুণের বেশি গুনতে হচ্ছে। তাই দাম কিছুটা বেশি।