নৌ ও রেলপথে বেশি বাণিজ্য চায় ভারত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে নৌ ও ও রেলপথ ব্যবহারের ওপর জোর দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্যবসায়ীসহ ভারতীয় ভিসাপ্রত্যাশীদের চাহিদা পূরণে এ দেশে ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন।
গতকাল সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) আয়োজিত এক মধ্যাহ্নভোজসভায় পঙ্কজ সরন এসব কথা বলেন। রাজধানীর দিলকুশায় মেট্রো চেম্বারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বর্তমানে রাজধানীর গুলশান ও মতিঝিল, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে ভারতীয় ছয়টি ভিসা সহায়তাকেন্দ্র বা সেন্টার রয়েছে। তবে এ সংখ্যা বাড়িয়ে কতটি করা হবে, সে বিষয়ে সভায় সুনির্দিষ্ট করে কিছু বলেননি পঙ্কজ সরন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ২০০৯ সালের পর থেকে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভারতীয় ভিসা ইস্যুর পরিমাণ দ্বিগুণের বেশি বেড়েছে। এমনকি বহুব্যবহারিক (মাল্টিপল) ভিসাও ইস্যু করা হচ্ছে। তার পরও ভারতীয় ভিসার চাহিদা দিন দিন বাড়ছে। কোনো রকম ভোগান্তি ছাড়া কীভাবে এ চাহিদা পূরণ করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে।
পঙ্কজ সরন বলেন, ভিসা সেন্টার বাড়ানোর পাশাপাশি অনলাইনের মাধ্যমে প্রকৃত আবেদনকারীরা যাতে বঞ্চিত না হন, সে জন্য কারিগরি সমাধানের পথ খোঁজা হচ্ছে। তাৎক্ষণিক ভিসাপদ্ধতি বা ‘অন অ্যারাইভাল ভিসা’ ইস্যুর ব্যাপারে দিল্লির কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পাননি বলেও হাইকমিশনার জানান। তবে তিনি এ-ও বলেন, যদি ভারত সরকার এ ধরনের ভিসা চালু করে তাহলে বাংলাদেশ সেখানে বিশেষ গুরুত্ব পাবে।
পঙ্কজ সরন আরও বলেন, এ দেশের পণ্যের মান যাচাইকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআইকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে ভারতের আমদানিকারকদের কাছেও বিএসটিআইয়ের মান সনদ গ্রহণযোগ্যতা পাবে। এ ছাড়া পণ্যের মান সনদের ভোগান্তি দূর করতে সীমান্ত এলাকায় ভারত সরকার বেশ কিছু পরীক্ষাগার স্থাপন করবে। যাতে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের আরও উন্নতি ঘটে।
এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।
সভায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমজাদ খান চৌধুরী, এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, মেট্রো চেম্বারের মহাসচিব ফারুক আহমেদসহ চেম্বার সদস্য ও ব্যবসায়ী, শিল্পপতিরা উপস্থিত ছিলেন।
লতিফুর রহমান বলেন, শুধু উত্তর-পূর্বাঞ্চল নয়, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের অন্যান্য অঞ্চলেও বিনিয়োগ করতে পারেন। এ ক্ষেত্রে দুই দেশে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করতে হবে।
সভাপতির বক্তব্যে রোকেয়া আফজাল রহমান বলেন, বিদ্যমান বাণিজ্যসুবিধা, পণ্যের মান, পণ্য জাহাজীকরণ, বাণিজ্য অবকাঠামো উন্নয়নে দুই দেশকে একত্রে কাজ করতে হবে। ভারতে যাতায়াতের ক্ষেত্রে তাৎক্ষণিক ভিসাপদ্ধতি বা ‘অন অ্যারাইভাল ভিসা’ এখন সময়ের দাবি। এ দাবিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। ভিসা-প্রক্রিয়া সহজ হলে তা দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যবৈষম্য কমাতে সহায়তা করবে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে নৌপথ ও রেলপথ ব্যবহারের ওপর জোর দিয়েছেন পঙ্কজ সরন। এতে তিনি বলেন, পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দরে জট কমিয়ে অন্য শুল্ক স্টেশনগুলো ব্যবহার করা উচিত। সড়কপথের ওপর চাপ কমিয়ে নৌ ও রেলপথ ব্যবহার করা উচিত।
পঙ্কজ সরন দুই দেশের মধ্যে উপকূল ধরে জাহাজ চলাচল শুরু করার ওপরও গুরুত্বারোপ করে বলেন, অভ্যন্তরীণ নৌপথ ব্যবহারের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার অবৈধ বাণিজ্যকে বৈধ রূপ দিতে চেষ্টা করতে হবে। ইতিমধ্যে মেঘালয়ে দুটি সীমান্ত হাট চালু হয়েছে উল্লেখ করে সরন বলেন, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে এ রকম আরও হাট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে পঙ্কজ সরন বলেন, এয়ারটেল, টাটা, সান ফার্মা, এশিয়ান পেইন্টস, ডাবর, ম্যারিকো, গোদরেজসহ আরও অনেক বড় ভারতীয় প্রতিষ্ঠানের বাংলাদেশে উপস্থিতি রয়েছে।