নৌ প্রটোকলে মাশুল আরোপের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ প্রটোকলের আওতায় মাশুল আরোপের আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে মাশুল আরোপের দাবি করে আসছিল বাংলাদেশ। কিন্তু এত দিন ভারতের দিক থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। নৌ প্রটোকল নিয়ে সম্প্রতি দুই দেশের সচিব পর্যায়ের সভায় মাশুল আরোপের বিষটি আলোচনায় আসে।
সভায় সিদ্ধান্ত হয়, মাশুল আরোপের বিষয়টি পর্যালোচনা করার জন্য একটি যৌথ কারিগরি কমিটি গঠন করা হবে। মাশুল আরোপ করা যায় কি না, করলে কী পরিমাণ মাশুল আরোপ করা হবে—এ-সংক্রান্ত প্রতিবেদন এ কমিটি দুই মাসের মধ্যে জমা দেবে। এ কমিটিতে দুই দেশের নৌ পরিবহন কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও কাস্টমস বিভাগের প্রতিনিধিরা থাকবেন। এ ছাড়া এ কমিটি প্রতিটি চালানের বিপরীতে ব্যাংক গ্যারান্টি রাখার বিষয়টিও খতিয়ে দেখবে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের নৌপথ দিয়ে ভারতের পণ্য নিতে কোনো মাশুল দিতে হয় না। শুধু নৌপথগুলো রক্ষণাবেক্ষণের জন্য বছরে ১০ কোটি টাকা দেয় ভারত। বাংলাদেশ হয়ে কলকাতা থেকে ত্রিপুরা ও আসাম রাজ্যে পণ্য নেয় ভারত।
গত ২০ থেকে ২২ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে প্রটোকল-সংক্রান্ত সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের নৌসচিব রফিক আলো মেহেদি ও ভারতের নৌসচিব রাজি কুমার নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। আন্তর্জাতিক চুক্তি, সনদ ও রেওয়াজ অনুযায়ী প্রটোকল মাশুল আরোপের বিষয়টি সভায় প্রথমে প্রস্তাব করে বাংলাদেশ। পরে ভারত আলোচনার জন্য তাতে সম্মত হয়।
সভায় অংশ নেওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব এহতেশামুল হক প্রথম আলোকে বলেন, এবারের সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা হলে নৌপথে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে। এতে দুই দেশের ব্যবসায়ীরাই সামগ্রিকভাবে লাভবান হবেন। তাঁর মতে, এবারের দর-কষাকষিতে বাংলাদেশ সফল হয়েছে। এখন যৌথ কারিগরি কমিটির সভায় দর-কষাকষির দক্ষতা প্রমাণ করতে হবে। তবে এখনো যৌথ কমিটির সভা কবে হবে তা নির্ধারিত হয়নি।
এদিকে সভায় ভারতের নৌপথ ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য নেওয়ার প্রস্তাব করে বাংলাদেশ। এ জন্য একটি যৌথ সমীক্ষা করার প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়, তাদের নৌপথ ব্যবহার করে নেপাল ও ভুটানে যেতে হলে বহুমাত্রিক (নৌ, সড়ক কিংবা রেলপথ) ট্রানজিট-ব্যবস্থা থাকতে হবে। আর বহুমাত্রিক ট্রানজিট-ব্যবস্থায় পণ্য নেওয়ার সুযোগ বিদ্যমান নৌ প্রটোকলে নেই। এর সম্ভাব্যতা যাচাইয়ে একটি যৌথ কমিটি গঠনে একমত হয় দুই পক্ষ।
এ ছাড়া কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে, পরে সড়কপথে আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় পণ্য নেওয়ার বহুমাত্রিক পথটি নিয়মিতভাবে চালুর প্রস্তাব করে ভারত। ভারতীয় প্রতিনিধিরা সভায় বলেছেন, এ পথটি ব্যবহার করতে বারবার বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি নিতে হয়। সভায় সিদ্ধান্ত হয়, বহুমাত্রিক এই পথটি নিয়মিত করার বিষয়টি যাচাই-বাছাই করতে একটি যৌথ কমিটি গঠন করা হবে। এ কমিটি দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
উল্লেখ্য, ২০১১ সালের পর থেকে মানবিক কারণে ভারতকে এই বহুমাত্রিক পথটি তিনবার ব্যবহার করার বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ। প্রথমবার এ পথ ব্যবহার করে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশ গেছে। দ্বিতীয়বার ১০ হাজার টন চাল গেছে। বর্তমানে আরও ২৫ হাজার টন চালের একাধিক চালান ত্রিপুরায় নিচ্ছে ভারত।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত সচিব পর্যায়ের সভায় দুই দেশের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচলের চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এটি প্রটোকলের আওতায় চলাচল করবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে এ পৃথক চুক্তি স্বাক্ষর হতে পারে।
১৯৭২ সালে স্বাক্ষরিত নৌ প্রটোকলে আটটি পথ (আসা-যাওয়াসহ) রয়েছে। এর আওতায় নৌপথে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির পাশাপাশি বাংলাদেশের নৌপথ ব্যবহার করে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে পণ্য নেওয়া যায়। কিন্তু ১৯৮০ সালের ৪ অক্টোবর দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়। এরপর প্রটোকলটি এ বাণিজ্য চুক্তির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।