নৌ-প্রটোকলে মাশুলের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ-প্রটোকলটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এত দিন বিনা মাশুলে ভারত নৌপথে ট্রানজিট নেওয়ার সুবিধা পেলেও এবার মাশুল আরোপের চিন্তা করছে বাংলাদেশ। আবার ভারতের চাওয়া অনুযায়ী ২০১৫ সাল পর্যন্ত প্রটোকলের মেয়াদ বাড়ানোর দাবিতে রাজি হচ্ছে না বাংলাদেশ। প্রটোকলটি সংশোধন নিয়ে আজ সোমবার আন্তমন্ত্রণালয় বৈঠক ডেকেছে নৌ মন্ত্রণালয়। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পররাষ্ট্র মন্ত্রণালয়, সমুদ্র পরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। প্রতি টনে ১০ ডলার মাশুল: প্রটোকল সংশোধনের জন্য সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতি টনে ১০ ডলার মাশুল রাখার প্রস্তাব করেছে। মূলত সেবা, স্ক্যানিং, পণ্য ওঠানো-নামানোসহ বিভিন্ন উপখাত ধরে এ মাশুল নির্ধারণ করেছে এনবিআর। এর পাশাপাশি ব্যাংক গ্যারান্টির বাধ্যবাধকতা আরোপের সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যে এ প্রস্তাবগুলো নৌ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে এনবিআর। এর আগে ট্রানজিট-সংক্রান্ত কোর কমিটির প্রতিবেদনে প্রতি টনে সাড়ে সাত ডলার বা ৫৮০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছিল। এনবিআরের কর্মকর্তারা বলেন, পণ্য পরিবহনে দুই সমুদ্রবন্দর ও আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করতেই বেশি আগ্রহী ভারত। ভারতীয় পণ্য এসব বন্দর দিয়ে আসা শুরু করলে কাস্টমস কর্মকর্তাদের এসব কাজে সময় বেশি দিতে হবে। যেহেতু ট্রানজিট সুবিধায় শুল্ক নেওয়ার কোনো সুযোগ নেই, তাই মাশুল আরোপ করাই যুক্তিযুক্ত। মেয়াদ বাড়াতে চায় ভারত: নৌ-প্রটোকলের মেয়াদ ২০১৫ সাল পর্যন্ত বাড়াতে চায় ভারত। এমনকি দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তির সঙ্গে সংগতি রেখে তিন বছর করে নবায়নের মেয়াদ রাখতে চায় ভারত। ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে এক বছরের পরিবর্তে তিন বছর পর্যন্ত মেয়াদ নবায়নের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ।গত ২০ ফেব্রুয়ারি ভারতের নৌ মন্ত্রণালয়ের সচিব প্রদীপ কে সিনহা প্রটোকলটির মেয়াদ বাড়ানোর জন্য নৌসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামকে চিঠি দেন। ঢাকার ভারতীয় হাইকমিশন পরে সেই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নৌ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়। এরপর মেয়াদ বাড়ানোর বিষয়ে মতামত প্রদানের জন্য গত ২৮ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে চিঠি দেয় নৌ মন্ত্রণালয়। ইতিমধ্যে এনবিআর মেয়াদ না বাড়ানোর পক্ষে মত দিয়েছে। এ সম্পর্কে জানতে চাইলে নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, সব পক্ষের মতামত নিয়ে নৌ-প্রটোকল সংশোধন সম্পর্কে যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে। এর বেশি কিছু মন্তব্য করতে রাজি হননি তিনি। গত ৩১ মার্চ নৌ-প্রটোকলের মেয়াদ শেষ হয়েছে। এখন ‘নোট’ দিয়ে প্রটোকলটি বলবৎ রয়েছে। নৌ-প্রটোকলটি ১৯৭২ সালে হয়। তবে দুই দেশের বাণিজ্য চুক্তি হলে প্রটোকলটি এর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এর মেয়াদকাল এক বছরই বহাল থাকে। অর্থাৎ নৌ-প্রটোকলটি প্রতিবছর নবায়ন করা হয়।অন্যদিকে, ১৯৮০ সালের ৪ অক্টোবর দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিটি স্বাক্ষর হয়। চুক্তিটি তিন বছর পর পর নবায়ন করা হয়। সব সরকারের আমলেই এ চুক্তি নবায়ন করা হয়েছে। আগামী ২০১৫ সালে চুক্তির নবায়নের মেয়াদ শেষ হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ প্রটোকলে বাংলাদেশ অপেক্ষাকৃত কম শক্তিশালী পক্ষ। যেকোনো চুক্তি বা প্রটোকলে অপেক্ষাকৃত কম শক্তিশালী পক্ষ বারবার আলোচনার সুযোগ থাকলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। তিন বছর পরপর নবায়ন করা হলে প্রটোকলের আওতায় বাংলাদেশের আলোচনার সুযোগ কম থাকবে। আর ট্রানজিট প্রদানকারী দেশ হিসেবে যেকোনো বিষয়ে দর-কষাকষি করতেও নবায়নের মেয়াদ কম থাকাই ভালো।গত ২৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ ভারতে দুই দেশের নৌসচিব পর্যায়ের বৈঠক হয়। এতে এককালীন মাশুল, ১০ হাজার টন খাদ্যশস্য বিশেষ ব্যবস্থায় ট্রানজিটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।