নৌ-মন্ত্রণালয়ের প্রতিনিধি রেখে বিদেশ সফরে বাধ্যবাধকতা
নৌ-মন্ত্রণালয়ের কোনো সংস্থা থেকে বিদেশ সফর করতে হলে এখন প্রতিটি দলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে নিতে হবে। এমন বাধ্যবাধকতা রেখেই পণ্য ক্রয়সংক্রান্ত বিদেশ সফরের নীতিমালা তৈরি করেছে মন্ত্রণালয়।
জানা গেছে, পণ্য কেনা নিয়ে নৌ-মন্ত্রণালয়ের সংস্থাগুলোর ঘন ঘন বিদেশ সফর নিয়ে আলোচনা-সমালোচনার পর এই নীতিমালা তৈরি করা হয়েছে। এতে ১৬টি নির্দেশনা রাখা হয়েছে। চট্টগ্রাম বন্দর, মংলা বন্দরসহ মন্ত্রণালয়ের সব, অর্থাৎ নয়টি সংস্থার জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে।
নৌ-মন্ত্রণালয়ের যুগ্ম সচিব-১ মো. আলাউদ্দিনকে প্রধান করে গঠিত সাত সদস্যের কমিটি এ নীতিমালা তৈরি করেছে। মতামতের জন্য নীতিমালাটি এই মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে।
জানতে চাইলে মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, বিদেশ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রাক্-জাহাজীকরণ পরিদর্শনের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে।
প্রস্তাবিত নীতিমালার শিরোনাম দেওয়া হয়েছে ‘উন্নয়ন প্রকল্প, উন্নয়ন কর্মসূচি ও নিজস্ব রাজস্ব বাজেটের আওতায় ক্রয় প্যাকেজের দরপত্র দলিলে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন অন্তর্ভুক্তকরণ এবং সম্পাদনসংক্রান্ত নির্দেশিকা/গাইডলাইন’।
নীতিমালা অনুযায়ী, বিদেশ থেকে কেনা পণ্য দেশে আনার আগে পরিদর্শনের জন্য প্রতিটি দলে অনধিক চার সদস্য রাখা যাবে, যার মধ্যে কারিগরি জ্ঞানসম্পন্ন দুজন ও মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাখতে হবে। বাকি জন কে থাকবেন, সেই সম্পর্কে নীতিমালায় স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে ক্রয়কাজে বা প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
এ ছাড়া নীতিমালায় এক দেশ সফরে চার দিন ও একাধিক দেশ হলে ছয় দিনের সময়সীমা নির্ধারণের পাশাপাশি একই কর্মকর্তাকে বারবার না রাখা এবং অপরিহার্য না হলে সংস্থার প্রধানকে সফরে নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের অধীন কয়েকটি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রয়-প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত থাকে নির্বাহী বিভাগ (যে বিভাগ থেকে পণ্য কেনা হবে)। এর পরই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য দরপত্র মূল্যায়ন ও স্থানীয়ভাবে পরিদর্শনসংক্রান্ত কাজে হিসাব ও নিরীক্ষা বিভাগের লোকজনকে রাখা হয়।
কিন্তু নীতিমালায় এই দুই বিভাগের কোনো প্রতিনিধি রাখার কথা বলা হয়নি। সে জন্য বিদেশ থেকে সব ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকে রাখার যৌক্তিকতা নিয়ে সমালোচনা চলছে বিভিন্ন সংস্থায়।
মো. আলাউদ্দিন বলেন, হিসাব বা নিরীক্ষা বিভাগ নয়, ক্রয়কাজের সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি জ্ঞানসম্পন্ন লোকই সংস্থা বা সংস্থার বাইরে থেকে অন্তর্ভুক্ত করা যাবে।
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিদেশে পণ্য পরিদর্শনের জন্য পরিদর্শন সংস্থা আছে। পরিদর্শন সংস্থা নিয়োগ দেওয়া হলে কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজন পড়ে না। আবার বিদেশ সফরে পণ্য পরিদর্শন করে অতীতে কার্যত কোনো সুফল আসেনি।
নৌ-মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পণ্য ক্রয়কারী সংস্থা চট্টগ্রাম বন্দরের হিসাবে দেখা যায়, কেনাকাটার জন্য গত এক বছরে ৩২টি দল মোট ১৭৪ দিন বিদেশ সফর করেছে। অ-কারিগরি লোকও এসব দলে রাখা হয়েছিল। প্রতিটি দলে ছিলেন ন্যূনতম দুই থেকে সর্বোচ্চ সাতজন কর্মকর্তা। সব মিলিয়ে ৯৩ জন সফরকারীর মধ্যে ৬২ জনই একাধিকবার বিদেশ সফর করেন।