নৌপথে পণ্য পরিবহন চালু রাখার দাবি ব্যবসায়ীদের

চট্টগ্রাম-পানগাঁও নৌপথে কনটেইনার পরিবহনের প্রক্রিয়াগত জটিলতা দূর করে এই পথে পণ্য পরিবহন দ্রুত চালুর তাগাদা দিয়েছেন ব্যবসায়ীরা। এ জন্য জটিলতা দূর করতে ব্যবসায়ীরা বেশ কিছু প্রস্তাবও দাখিল করেছেন।
চট্টগ্রাম বন্দরের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব দেন তাঁরা। বৈঠকে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। এতে এফবিসিসিআই, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরোয়ার্ডার, শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধিরা অংশ নেন।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর এ নৌপথে আমদানি পণ্যভর্তি কনটেইনার পরিবহন শুরুর পর এ পর্যন্ত দুটি জাহাজ দিয়ে দুবার বন্দর থেকে ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও নৌ-টার্মিনালে পণ্য পরিবহন হয়েছে। তবে কনটেইনার পণ্য না পেয়ে জাহাজ দুটি ফেরত আসে বন্দরে। এর পর থেকে কনটেইনার না পাওয়ায় নৌপথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।
বৈঠকে ব্যবসায়ীদের প্রস্তাবের জবাবে বন্দর চেয়ারম্যান বলেন, পণ্য পাওয়া গেলে পানগাঁও-চট্টগ্রাম নৌপথে জাহাজ চলাচলের সময়সূচি ঘোষণা করা হবে। এ ছাড়া পণ্য পরিবহন চালু রাখতে বন্দরের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
আলোচনায় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বলেন, হরতাল-অবরোধের সময় এবং সড়কপথের ওপর চাপ কমাতে বিকল্প পথ হিসেবে নৌপথের বিকল্প নেই।
তবে বর্তমানে নৌপথে কনটেইনার পণ্য পরিবহনের জটিলতা তুলে ধরে ব্যবহারকারীরা বলেন, চট্টগ্রাম-পানগাঁও নৌপথে এখন দুটি জাহাজ আছে। এ দুটি জাহাজ দিয়ে নিয়মিত নির্ধারিত সময়সূচি অনুযায়ী কনটেইনার পরিবহন সম্ভব নয়। এ জন্য পর্যাপ্ত কনটেইনার জাহাজের ব্যবস্থা করতে হবে। ব্যবসায়ী নেতারা আরও বলেন, পানগাঁও এলাকায় ফ্রেইট ফরোয়ার্ডারের অবকাঠামো সুযোগ-সুবিধা গড়ে তুলতে হবে। পানগাঁও নৌ-টার্মিনালকে ব্যবসাবান্ধব মানে উন্নীত করতে হবে। যেমন, সিসিটিভি স্থাপন ও আন্তর্জাতিক মানের নিরাপত্তা (আইএসপিএস কোড) নিশ্চিত করতে হবে।
পণ্য পরিবহনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিদেশি ফ্রেইট ফরোয়ার্ডাররা বিদেশি ক্রেতাদের সঙ্গে বছরে এপ্রিল-মার্চ সময়ের জন্য একবার চুক্তি করেন। নতুন চুক্তিতে এখন পানগাঁও টার্মিনাল থেকে রপ্তানি পণ্য নেওয়ার বিষয় চূড়ান্ত হতে মার্চ পর্যন্ত সময় লাগবে। এ সময়ে দলিলপত্র সংশোধন করে বিকল্প উদ্যোগ নিয়ে পণ্য পরিবহন চালু রাখতে হবে বলে প্রস্তাব দেন ব্যবসায়ীরা।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘বিদেশি ক্রেতাদের কাছে পানগাঁও নৌ-টার্মিনালের বিষয়ে প্রচার চালানো দরকার। প্রয়োজনে বন্দর কর্তৃপক্ষকে বায়ার ফোরামের সঙ্গে সভা করে অবহিত করা উচিত। ওয়েবসাইটেও এ টার্মিনালের সুযোগ-সুবিধা তুলে ধরা উচিত। এতে করে বিদেশি ক্রেতারা এ টার্মিনাল থেকে পণ্য নিতে আগ্রহ বাড়বে। পাশাপাশি আমরাও এখন ক্রেতাদের কাছে বিষয়টি তুলে ধরছি।’
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, সড়কপথের চেয়ে পণ্য পরিবহনে সময় কম এবং খরচ সাশ্রয়ের বিষয়টি নিশ্চিত করা দরকার। ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন যেসব পণ্য নির্দিষ্ট সময়ে ক্রেতার হাতে পৌঁছার বাধ্যবাধকতা থাকে না, সেগুলো রপ্তানি এবং একইভাবে বাণিজ্যিক আমদানির পণ্য নৌপথে পরিবহনের উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেন।
সভায় বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআইয়ের পরিচালক এম এ ছালাম, বিজিএমইএর সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক শাহেদ ছরওয়ার প্রমুখ অংশ নেন।