নৌপথে বাণিজ্য চায় ভুটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপথে বাংলাদেশ থেকে পণ্য আনা-নেওয়া করতে চায় ভুটান। ভারতের ভূখণ্ড ব্যবহার করে ব্রহ্মপুত্র নদ দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করার প্রস্তাব দিয়েছে ভুটান। আর বাংলাদেশও সেই প্রস্তাবে রাজি হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ও ভুটানের মধ্যে শুল্ক-সংক্রান্ত যৌথ দলের প্রথম সভায় এ বিষয়ে আলোচনা হয়। গত ২৬ ও ২৭ জুলাই ভুটানের রাজধানী থিম্পুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ভুটানের সীমান্ত শহর ফুয়েন্টসলিং থেকে কালজানি নদী কিংবা আরেক সীমান্ত শহর গেলেফু থেকে মানস নদী ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলেছে। ব্রহ্মপুত্র নদ ভারতের আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে প্রবেশ করেছে। আর নৌপথে বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই পণ্য আনা-নেওয়া সম্ভব। এ নৌপথেই ভুটান বাণিজ্য করতে চায়। তবে ভুটানের সীমান্ত থেকে থিম্পু কিংবা অন্য কোনো শহরে পণ্য নিতে হলে সড়কপথই ভরসা।
গত বছরের এপ্রিল মাসে দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের সভায় ভুটানের পক্ষ থেকে প্রথম চিলমারী-রৌমারী হয়ে নৌপথে বাণিজ্য-ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়। সে সময় বাংলাদেশের পক্ষ থেকে পর্যালোচনা করে জানানো হবে, এমনটা বলা হয়।
গত মাসে দুই দেশের যৌথ শুল্ক দলের সভায় আবারও ভুটানের পক্ষে প্রস্তাবটি তোলা হয়। বাংলাদেশও এতে রাজি হয়। তবে এখনো কোন পথে, কীভাবে শুল্কায়ন হবে, কোন প্রক্রিয়ায় নৌপথ-বাণিজ্য হবে, তা চূড়ান্ত করা হয়নি। পরবর্তী সভায় তা নির্ধারণ করা হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে সভায় অংশ নেওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব এহতেশামুল হক প্রথম আলোকে বলেন, নৌপথে পণ্য আনা-নেওয়া হলে তা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে। এ ছাড়া নৌপথে বাণিজ্য তুলনামূলক বেশ সাশ্রয়ী। এতে দুই দেশের ব্যবসায়ীরাই বেশি লাভবান হবেন।
উল্লেখ্য, দ্বিপক্ষীয় বাণিজ্যে একমাত্র ভারতের সঙ্গেই নৌপথে বাণিজ্য করে বাংলাদেশ। নৌপথে ভারত থেকে সাধারণত ফ্লাই অ্যাশ আমদানি হয়। বাংলাদেশ থেকে পণ্য না নিলেও এ দেশের নৌপথ ব্যবহার করে ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য নেয় ভারত।
বাংলাদেশ ও ভুটানের মধ্যে শুল্ক-সংক্রান্ত যৌথ দলের সভা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। তাই মূলত বাণিজ্য সম্ভাবনা ও সমস্যা নিয়েই বেশি আলোচনা হয়। এর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্য-সংক্রান্ত তথ্য আদান-প্রদান; বাণিজ্য বাধাসমূহ; পণ্য ওঠানামা, মজুত, পরীক্ষাগার সুবিধা; শুল্ক-সংক্রান্ত তথ্য আদান-প্রদান। এ ছাড়া পরবর্তী শুল্ক-সংক্রান্ত যৌথ সভা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে ভুটানকে মংলা বন্দর ও সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করার সুযোগ দিয়ে রেখেছে বাংলাদেশ। ভুটান সরকারও এ দুটি বন্দর ব্যবহারে বেশ আগ্রহী। জানা গেছে, বহু বছর ধরে ভুটানের ব্যবসায়ীরা কলকাতার হলদিয়া বন্দর ব্যবহার করে আসছেন। তাই কলকাতায় এসব ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয় ও কর্মী রয়েছেন। এত বছরের বাণিজ্য-কাঠামো ভেঙে বাংলাদেশের বন্দর ব্যবহারে এখনো ভুটানের ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহী হয়ে উঠছেন না।
ব্যতিক্রমী শুল্কমুক্ত সুবিধা: ভুটানকে শতভাগ শুল্কমুক্ত বাজার-সুবিধা দিয়েছে বাংলাদেশ। এটা পুরোনো খবর। কিন্তু ভুটান বাংলাদেশের কাছে এমন ধরনের শুল্কমুক্ত বাজার-সুবিধা পায়, ভুটানি পণ্য আমদানি করলে আমদানিকারককে অগ্রিম কর, মূল্য সংযোজন কর (মূসক) ও নিয়ন্ত্রণমূলক শুল্ক পর্যন্ত দিতে হয় না। শুধু অগ্রিম বাণিজ্য মূসক (এটিভি) দিতে হয়।
সাধারণত শুল্কমুক্ত বাজার-সুবিধায় আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক দিতে হয় না। কিন্তু আমদানিকারককে মূসক, অগ্রিম কর, নিয়ন্ত্রণমূলক শুল্ক দিতে হয়। এসব শুল্ক দিতে হয় না বলে ভুটানের পণ্য তুলনামূলকভাবে বেশি বাজার-প্রতিযোগী সক্ষম।
ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য কিন্তু বাংলাদেশের অনুকূলে নয়। ভুটানে যত পণ্য রপ্তানি হয়, তার চেয়ে ১৪ গুণ বেশি অর্থের পণ্য আমদানি হয়। ২০১৪-১৫ অর্থবছরে ভুটান থেকে ১৯৭ কোটি টাকার পণ্য আমদানি করা হয়েছে। অন্যদিকে ভুটানে রপ্তানি হয়েছে মাত্র ১৪ কোটি টাকার পণ্য। ভুটান থেকে সাধারণত ফলমূল, পাথর, শাকসবজি ইত্যাদি আমদানি হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, মেলামিন পণ্য, ওষুধ, হস্তশিল্প ইত্যাদি রপ্তানি হয়।