নৌপথে ভারতীয় স্টার সিমেন্টের ক্লিংকার আসছে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় প্রতিষ্ঠান সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (সিএমআইএল) বাংলাদেশের বাজারে প্রবেশ করতে যাচ্ছে। ‘স্টার সিমেন্ট’ ব্র্যান্ডের সিমেন্ট প্রস্তুতকারক এ প্রতিষ্ঠানটি গত শনিবার তাদের ক্লিংকারের প্রথম চালান নৌপথে বাংলাদেশে পাঠিয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৫০ হাজার টন ক্লিংকার বাংলাদেশে রপ্তানি করতে আগ্রহী। প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন সভাপতি জ্যোতি স্বরূপ আগারওয়াল বলেছেন যে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে নৌপথে দুই  দেশের মধ্যে পণ্য আনা-নেওয়ার বিষয়টি অনেক দূর অগ্রসর হয়েছে। ব্যয়সাশ্রয়ী বলে সিএমআইএল নৌপথেই বাংলাদেশে ক্লিংকার পাঠাচ্ছে।

এর মধ্য দিয়ে বাংলাদেশে সিমেন্ট ক্লিংকার রপ্তানিকারক দক্ষিণ-পূর্ব এশিয়ার সিমেন্ট কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে বলে মনে করছেন সিএমআইএলের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বর্তমানে বাংলাদেশে সিমেন্ট ক্লিংকারের চাহিদার প্রায় ৯৯ শতাংশ ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া মিটিয়ে থাকে বলে বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাইলট প্রকল্প হিসেবে স্টার সিমেন্ট গত বছর বাংলাদেশে সড়কপথে ক্লিংকার রপ্তানি শুরু করেছিল। তবে তা ব্যয়সাশ্রয়ী না হওয়ায় এখন প্রতিষ্ঠানটি নৌপথ বেছে নিয়েছে।

এই ক্লিংকার সরবরাহের জন্য ইতিমধ্যে বাংলাদেশের একাধিক বড় সিমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে স্টার সিমেন্ট। আপাতত আসামের করিমগঞ্জ বন্দর দিয়ে নৌপথে এই ক্লিংকার পাঠানো হবে। এই নৌপথে পরবর্তী সময়ে অন্যান্য পণ্যও আনা-নেওয়া করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সিমেন্ট বাজারের ২০ শতাংশ বর্তমানে এই সিএমআইএলের দখলে। এই বাজার আরও বাড়াতে এবং বাংলাদেশে নতুন বাজার ধরতে মেঘালয়ের জৈন্তা পাহাড়ে ও আসামের গুয়াহাটির কাছে দুটি পৃথক নতুন কারখানাও স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের সিমেন্ট খাতের প্রায় সব প্রতিষ্ঠানই বাইরে থেকে ক্লিংকার এনে সিমেন্ট প্রস্তুত করে থাকে।