নৌপথে শুরুতেই বেশি খরচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের পরিস্থিতিতে পণ্যভর্তি কনটেইনার পরিবহন স্বাভাবিক রাখতে নৌপথ চালু হলেও এতে ব্যবসায়ীদের খরচ বেড়ে গেছে। আর সময়ও লাগছে সড়কপথের চেয়ে বেশি। চট্টগ্রাম বন্দর থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় পণ্য পরিবহনের খরচ তুলনা করে এই চিত্র পাওয়া গেছে।
ব্যবসায়ীরা মনে করেন, সহিংস রাজনৈতিক কর্মসূচির সময় নৌপথে পণ্য পরিবহনে নির্ভরতার বিকল্প নেই। তাই অস্থিতিশীল সময়ের পাশাপাশি স্বাভাবিক পরিস্থিতিতেও ব্যবসায়ীদের আগ্রহ ধরে রাখতে মাশুল কমানো উচিত।

তুলনামূলক পর্যালোচনায় দেখা গেছে, আমদানি পণ্যের ক্ষেত্রে সবচেয়ে খরচ কম হয় রেলপথে। এর চেয়ে বেশি খরচ পড়ে নৌপথে। আর সবচেয়ে বেশি খরচ হয় সড়কপথে। অন্যদিকে রপ্তানি পণ্যের ক্ষেত্রে সবচেয়ে কম খরচ রেলপথে। এরপর যথাক্রমে সড়ক ও নৌপথের খরচ বেশি।
আবার সময়ের হিসাব অনুযায়ী, পণ্য পরিবহনে সবচেয়ে সুবিধাজনক হলো সড়কপথ। এর চেয়ে বেশি সময় লাগে নৌপথে। আর সড়ক ও নৌপথের চেয়ে ন্যূনতম ১০ থেকে ৩০ গুণ বেশি সময় লাগে রেলপথে আমদানি পণ্যের কনটেইনার পরিবহনে।
৯ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনালে কনটেইনার পরিবহন চালু করা হয়েছে। রেলপথে কনটেইনার পরিবহন হচ্ছে ২৭ বছর ধরে। সড়কপথে এ ইতিহাস ৩৬ বছরের।

অবশ্য রেলপথে কনটেইনার পরিবহন সবচেয়ে সাশ্রয়ী হলেও এর মাধ্যমে মোট আমদানি-রপ্তানি পণ্যের মাত্র ৪ থেকে ৫ শতাংশ সম্পন্ন হয়ে থাকে।
গত ২০১২-১৩ অর্থবছরে রেলে প্রায় সোয়া ৪ শতাংশ বা ৬২ হাজার ৬৩৮ একক কনটেইনার পরিবহন হয়। মূলত সময় বেশি লাগার কারণেই এ পথে পণ্য পরিবহন হয় কম।
খরচ বেশি হওয়া সত্ত্বেও জাহাজ থেকে দ্রুত খালাস করে সরাসরি কারখানায় নেওয়ার সুবিধা পেতে সবচেয়ে বেশি কনটেইনার পরিবহন হয় সড়কপথে। একইভাবে সড়কপথে পণ্য নিয়ে বেসরকারি ডিপোতে কনটেইনারে বোঝাই করে স্বল্প সময়ে রপ্তানির সুবিধা পাওয়া যায়।

চট্টগ্রাম বন্দরের হিসাবেও দেখা যায়, কনটেইনার পণ্যের প্রায় ৬৫ শতাংশ পরিবহন হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে। নৌপথে সবে শুরু হয়েছে এ কার্যক্রম। তাই এ পথে ব্যবসায়ীদের আগ্রহের প্রতিফলন এখনো অজানা।
জানতে চাইলে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর বন্দর ও জাহাজীকরণবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নৌপথে কনটেইনার পরিবহন চালুর উদ্যোগ নেওয়ায় বন্দরের আন্তরিকতার কমতি নেই। তবে বন্দর থেকে নৌপথে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনালে নেওয়ার পর আবার সড়কপথে সাভার-আশুলিয়া-গাজীপুরে গাড়িতে পণ্য নিতে হবে। কারণ, বেশির ভাগ কারখানা ওই সব এলাকায় অবস্থিত। এতে সময় ও খরচ দুটিই বাড়বে। তা সত্ত্বেও অবকাঠামো-সুবিধা উন্নত হলে নৌপথে কনটেইনার পরিবহন বাড়বে। হরতাল-অবরোধের সময়ে বিকল্প মাধ্যম ব্যবহারের সুযোগও হাতে থাকবে।
৯ ডিসেম্বর পানগাঁও টার্মিনাল ব্যবহারের মাশুল নির্ধারণ করে গেজেট প্রকাশিত হয়। কমলাপুর ডিপো ব্যবহারের মাশুল প্রথম নির্ধারণ হয় ১৯৯০ সালে। আর রেলপথে কনটেইনার পরিবহনের ভাড়া সর্বোচ্চ ৫০ শতাংশ বাড়ানো হয় ২০১২ সালের অক্টোবর থেকে। সড়কপথের ভাড়া নির্দিষ্ট না হলেও বছরের বেশির ভাগ সময়ই স্থিতিশীল থাকে।

নৌপথে শুরুতেই বেশি খরচ!
নৌপথে শুরুতেই বেশি খরচ!

চট্টগ্রাম থেকে কনটেইনারে পণ্য পরিবহনের খরচ ও সময়ের তুলনা
মাধ্যম দূরত্ব (কিলোমিটার) সময় ব্যয় (টাকা) ব্যয় (টাকা) (আমদানি পণ্য) (রপ্তানি পণ্য)
রেলপথ ৩২৫ (বন্দর-কমলাপুর) ১২-২৪ ঘণ্টা ১০,৬০০ টাকা ৬,১০০ টাকা
(অবশ্য অপেক্ষা
করতে হয় ৭-১৩ দিন)
নৌপথ ২৯১ (বন্দর-পানগাঁও) ২৯ ঘণ্টা ১৪,৭০০ টাকা ১৪,৭০০ টাকা
সড়কপথ ২৬৪ (চট্টগ্রাম-ঢাকা) ৮-১০ ঘণ্টা ২২,০০০(কাভার্ড ভ্যান) ৮.০০০-১০,০০০ ৩৫,০০০ (ট্রেইলর)
*২০ ফুট দীর্ঘ কনটেইনার (সর্বোচ্চ ১৫ টন ওজন) পরিবহনে এই খরচ হিসেব করা হয়েছে। সড়কপথে স্বাভাবিক সময়ের ভাড়া এবং এক কনটেইনারের পণ্য (সর্বোচ্চ ১৫ টন) এক কাভার্ড ভ্যানে পরিবহনের ভাড়া হিসাব করা হয়েছে। কনটেইনার থেকে পণ্য খালাস বা বোঝাইয়ের খরচ এখানে যুক্ত করা হয়নি।