নৌবিমার প্রিমিয়াম কমানোর দাবি জানাল বিটিএমএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী বস্ত্রকলগুলো যেসব পণ্য আমদানি করে, সেগুলোর ওপর নৌবিমার প্রিমিয়ামের হার কিছুটা কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে সংগঠনটি এ দাবি জানায়।
বৈঠকে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ, সদস্য নবগোপাল বণিক, জ্যেষ্ঠ পরামর্শক এ কে এম ইফতেখার আহমদ, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, সহসভাপতি আবদুল মান্নান মিয়া, মহাসচিব ফিরোজ আহমেদ এবং পরিচালক সালেউজ্জামান খান উপস্থিত ছিলেন।
বৈঠকে সমিতিভুক্ত এক হাজার ৩৭০টি কল এবং এ খাতে প্রায় ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা তুলে ধরা হয়। বলা হয়, এ খাতের কলগুলো মূলত স্পিনিং, ওয়েভিং ও ফেব্রিক ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং করে থাকে। এ ছাড়া ওভেন ও নিট পোশাক তৈরি-রপ্তানিও করে থাকে কলগুলো। এ জন্য তুলা, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, রং ও রসায়নসহ অনেক কাঁচামাল আমদানি করতে হয়।
জাহাঙ্গীর আলামিন বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিষ্ঠানগুলো আমদানির ক্ষেত্রে বিমার হ্রাসকৃত প্রিমিয়ামের হার পাচ্ছে। বিটিএমএর কলগুলোও স্থানীয়ভাবে সুতা উৎপাদন করছে। কিন্তু বিজিএমইএ এবং বিকেএমইএর মতো হ্রাসকৃত প্রিমিয়াম সুবিধা পাচ্ছে না।
আইডিআরএ চেয়ারম্যান আশ্বাস দিয়ে জানান, সব ধরনের বিমারই ট্যারিফ পুনঃ মূল্যায়নের কাজ চলছে। তাই এখনই প্রিমিয়াম কমানোর বিষয়ে কোনো কিছু বলা যাচ্ছে না।