নৌযান শ্রমিকদের ধর্মঘটে এফবিসিসিআইয়ের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘট আহ্বান করায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা এই ধর্মঘটের ফলে দেশের নৌপরিবহন ব্যবস্থা এবং পণ্য পরিবহন ও সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এফবিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজজটের কারণে জাহাজগুলোকে দীর্ঘসময় বন্দরে অবস্থান করতে হচ্ছে। জাহাজ জেটিতে ভিড়তে অস্বাভাবিক বেশি সময় লাগছে এবং কনটেইনার ভাড়া বৃদ্ধি পাচ্ছে। পণ্য খালাসও দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এ কারণে পণ্যের দাম বেড়ে যাওয়াসহ ব্যবসা পরিচালনাও কষ্টকর হয়ে পড়ছে।

এফবিসিসিআই বলেছে, এমনিতেই প্রতিযোগী দেশগুলোর তুলনায় বন্দর সুবিধায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। নৌ খাতে ধর্মঘটের ফলে পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় অর্থনীতিতে তা নেতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই নৌযান শ্রমিক ফেডারেশনকে ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষকে বিষয়টি জরুরি ভিত্তিতে সুরাহা করার আহ্বান জানিয়েছে।