ন্যানো গাড়ির বিক্রি কমে গেছে
ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় বাজারেই টাটা মোটরসের তৈরি ন্যানো গাড়ি বিক্রিতে ধস নেমেছে।সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের হিসাব অনুযায়ী সদ্যসমাপ্ত গত এপ্রিল মাসে গোটা ভারতে টাটা ন্যানো বিক্রি হয়েছে মাত্র ৯৪৮টি। অথচ গত বছরে একই মাসে বিক্রি হয়েছিল প্রায় আট হাজার গাড়ি। অর্থাৎ গত বছরের একই মাসের চেয়ে ন্যানো গাড়ির বিক্রি ৮৮ শতাংশ কমেছে। আলোচ্য মাসে বিদেশে একটিও ন্যানো গাড়ি রপ্তানি হয়নি। নির্মাতারা অবশ্য মনে করছেন, বাজারে মন্দা থাকায় শুধু ন্যানোই নয়, সব ধরনের গাড়িরই বিক্রি কমেছে। মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের জন্য টাটা মোটরস সস্তা দামের এই গাড়ি বাজারে নিয়ে আসে। প্রথম দিকে বেশ সাড়া ফেললেও দিনে দিনে গাড়িটির বিক্রি কমছে।প্রসঙ্গত, এই ন্যানো গাড়ি কারখানা গড়ার জন্য পশ্চিমবঙ্গের বাম সরকার টাটা মোটরসকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে ৯৯৭ একর জমি লিজ দেয়। কিন্তু সেখানে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দিলে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী (বর্তমানে মুখ্যমন্ত্রী) মমতা বন্দ্যোপাধ্যায় টাটার ন্যানো গাড়ির কারখানার বিরুদ্ধে তীব্র আন্দোলন করেন।তখন টাটা গোষ্ঠী কারখানাটি সিঙ্গুর থেকে সরিয়ে গুজরাট রাজ্যের সানন্দে নিয়ে যায়।