ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের মালটিফ্যাবস কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছে শ্রমিক অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক জোট ক্লিন ক্লথ ক্যাম্পেইন। একই সঙ্গে তারা আহত ব্যক্তিদের সব ধরনের চিকিৎসা নিশ্চিত করতে বলেছে।
ক্লিন ক্লথ ক্যাম্পেইন গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের ব্যর্থতার দায়দায়িত্ব বাংলাদেশ সরকার, বিদেশি ব্র্যান্ড ও কারখানা মালিকের। তাদেরই আহত ব্যক্তিদের চিকিৎসা ও ন্যায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
বিবৃতিতে বলা হয়, লিনডেক্স, মেট্রো এজি, স্টোকম্যান, আলদি, টাকো নামের ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান মালটিফ্যাবস থেকে পোশাক তৈরি করায় বলে নিশ্চিত হয়েছে ক্লিন ক্লথ ক্যাম্পেইন। এ ছাড়া কারখানাটির ওয়েবসাইটে গোরফ্যাক্টরি, এইচএফজি, লিটলউডস, মিৎসুবিশি করপোরেশন ফ্যাশন, নিউবডি, রেক্স হোলম, স্ক্যান ওয়্যার ও জোলার নাম আছে। এসব ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের পোশাক তৈরি করতে পারে মালটিফ্যাবস।
এ ছাড়া গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত ও স্থায়ীভাবে অক্ষম ব্যক্তিদের সারা জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছে। গত মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ দাবি করেছে।
গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকার মালটিফ্যাবস লিমিটেড নামের পোশাক কারখানার বয়লারে গত সোমবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে কারখানাটিতে কর্মরত ১৩ জন শ্রমিক নিহত হন। আহত হন অর্ধশতাধিক শ্রমিক ও পথচারী।
শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক মঙ্গলবার বিকেলে মালটিফ্যাবস কারখানাটি পরিদর্শন করেন। এ সময় মুজিবুল হক সাংবাদিকদের জানান, বিস্ফোরণের ঘটনায় প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে আট লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। এর মধ্যে কারখানার কর্তৃপক্ষ তিন লাখ টাকা এবং শ্রম মন্ত্রণালয় থেকে পাঁচ লাখ টাকা করে দেবে।
অবশ্য শ্রম বিশেষজ্ঞ সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শ্রম প্রতিমন্ত্রী মন্ত্রণালয় থেকে যে অর্থ দেওয়ার কথা বলেছেন, সেটি শ্রমিক কল্যাণ তহবিলের টাকা। এটি ক্ষতিপূরণ নয়।