কারণ দর্শাও নোটিশ দিয়েছে আইডিআরএ। আজকের মধ্যে জবাব দিতে হবে
ন্যাশনাল ইনস্যুরেন্সের আইন লঙ্ঘন
বেআইনিভাবে মূলধন বাড়িয়েছে বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। উদ্যোক্তা ও জনগণের অংশের মূলধনের অনুপােতও হেরফের করেছে কোম্পানিটি। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের ঠিক আগে ন্যাশনাল ইনস্যুরেন্স এই কাজ করেছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ জন্য ন্যাশনাল ইনস্যুরেন্সকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। আজ রোববারের মধ্যে কোম্পানিটিকে নোটিশের জবাব দিতে হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছেও ব্যাখ্যা জানতে চেয়েছে আইডিআরএ। আইডিআরএর প্রশ্ন—সার্বিক দিক বিচার-বিশ্লেষণ না করেই কোম্পানিটিকে কেন জনগণের কাছ থেকে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহের অনুমতি দেওয়া হলো। বিএসইসিকে আইডিআরএ আরও লিখেছে, ‘ন্যাশনাল ইনস্যুরেন্সকে জনসাধারণের কাছে শেয়ার বিক্রির অনুমতি দিলে আর্থিক খাতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।’
আইডিআরএর অনুমোদন ছাড়া কোনো বিমা কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন এবং মূলধনের অনুপাত বাড়ানোর নিয়ম নেই। কেউ বাড়ালে লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। অথচ আইপিও অনুমোদনের আগে বিএসইসি তা মানেনি।
ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি যদিও বলছে, জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ কার্যক্রম তারা পিছিয়ে দেবে। ৩০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলার কথা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল এ ব্যাপারে বলেন, বিএসইসি সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে আইপিও অনুমোদন করায় রোববার থেকে যাঁরা আবেদন করবেন বলে ঠিক করেছেন, তাঁরা এখন হতাশ হবেন। কাজটি বাজার শৃঙ্খলার বিরোধী হলো।
কোম্পানিটির অধিকাংশ শেয়ার মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, তাঁর স্ত্রী, মেয়ে, পুত্র ও পুত্রবধূদের নামে। এটির চেয়ারম্যান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার। তাঁর শেয়ার ৩ দশমিক ৩৩ শতাংশ।
যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) সূত্রে জানা গেছে, লাইসেন্স নেওয়ার সময় প্রতিটি ১০০ টাকা অভিহিত মূল্যের (ফেসভ্যালু) কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের উদ্যোক্তা অংশ ৪০ শতাংশ বা ৬ কোটি টাকা। বাকি ৬০ শতাংশ বা ৯ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে জনগণের কাছ থেকে সংগ্রহ করার কথা।
সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন করে কোম্পানিটি সম্প্রতি অনুমোদিত মূলধন ও পরিশোধিত মূলধন—দুটোই ১০০ কোটি টাকা করেছে। এর মধ্যে উদ্যোক্তাদের জন্য ৬০ শতাংশ বা ৬০ কোটি টাকা (১০ টাকা মূল্যের ৬ কোটি শেয়ার) ও অন্যদের জন্য ৪০ শতাংশ বা ৪০ কোটি টাকা (১০ টাকা মূল্যের ৪ কোটি শেয়ার) করা হয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে সম্প্রতি গণমাধ্যমে যে প্রসপেক্টাস প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্যুরেন্স, তাতে অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ২৬ কোটি ৫৫ লাখ টাকা। আইপিওর মাধ্যমে টাকা তোলার পর পরিশোধিত মূলধন দাঁড়াবে ৪৪ কোটি ২৫ লাখ টাকা।
আইডিআরএ সূত্র বলছে, পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকায় উন্নীত করলে উদ্যোক্তাদের ৬০ কোটি টাকা পরিশোধ করতে হবে। কিন্তু তারা পরিশোধ করেছে মাত্র ২৬ কোটি ৫৫ লাখ টাকা। এটাও বেআইনি কাজ।
ন্যাশনাল ইনস্যুরেন্সের পরিচালক মোস্তফা কামাল এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা সানাউল্লাহকে বারবার ফোন করলেও তাঁরা ধরেননি। বিষয়বস্তু উল্লেখ করে খুদে বার্তা পাঠালেও কোনো জবাব দেননি তাঁরা।
তবে কোম্পানির চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘নিজেদের তো বটেই, বিএসইসির ভুলের মাশুলও এখন দিতে হচ্ছে আমাদের।’
বিএসইসি কেন আইডিআরএর সঙ্গে যোগাযোগ ছাড়াই বিমা কোম্পানির আইপিও অনুমোদন দিল এবং কোম্পানির ইস্যু ব্যবস্থাপক প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টইবা কী দায়িত্ব পালন করল—এমন প্রশ্নও করেন বাসেত মজুমদার।
প্রাইম ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন বৃহস্পতিবার বলেন, ‘আমাদের কিছু ভুলভ্রান্তি হয়েছে। এগুলো ঠিক করে নিতে হবে।’
বিএসইসি অবশ্য বৃহস্পতিবার এক চিঠিতে আইডিআরএকে জানায়, কোম্পানি ও আরজেএসসির তথ্যের ভিত্তিতে তারা আইপিও অনুমোদন করেছে। ন্যাশনাল ইনস্যুরেন্স কোনো বেআইনি কাজ করে থাকলে আইডিআরএ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
লাইসেন্স পাওয়ার তিন বছরের মধ্যে পুঁজিবাজারে আসার বাধ্যবাধকতা থাকলেও কোম্পানিটি আসছে ১৯ বছর পর। যথাসময়ে পুঁজিবাজারে আসতে না পারার জন্য জরিমানার পুরো টাকাও কোম্পানিটি পরিশোধ করেনি।