ন্যাশনাল ইনস্যুরেন্সের আইপিও প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়া স্থগিত করতে বলেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইপিওর মাধ্যমে জনগণের কাছ থেকে কোম্পানিটির ১৭ কোটি ৭০ লাখ টাকা তোলার কথা।
আইডিআরএ গতকাল রোববার ন্যাশনাল ইনস্যুরেন্সকে এক চিঠিতে জানিয়েছে, শুধু আইপিও প্রক্রিয়া স্থগিত করাই নয়, গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনগণকে তা জানাতে হবে। নইলে লাইসেন্স স্থগিতের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে আইডিআরএ।
কাল মঙ্গলবার থেকে ৯ জুলাই পর্যন্ত আইপিও আবেদন চলার কথা ন্যাশনাল ইনস্যুরেন্সের। কিন্তু কোম্পানিটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করলেও তাদের আইপিও অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
আইডিআরএ বলেছে, ন্যাশনাল ইনস্যুরেন্স বেআইনিভাবে অনুমোদিত মূলধন বাড়িয়েছে, মূলধনের উদ্যোক্তা ও জনগণের অংশের অনুপাত নিয়ে হেরফের করেছে এবং সে অনুযায়ী পরিশোধিত মূলধনের টাকাও পরিশোধ করেনি।
সংশ্লিষ্ট সূত্রমতে, কোম্পানিটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার গত বৃহস্পতিবার আইডিআরএর সঙ্গে বৈঠক করেন। কোম্পানির একজন শীর্ষ কর্মকর্তার অজ্ঞতার কারণে এসব হয়েছে বলে তিনি দুঃখও প্রকাশ করেন। ন্যাশনাল ইনস্যুরেন্সকে গতকাল পাঠানো চিঠিতে আইডিআরএ এসব কথাও উল্লেখ করেছে।
এদিকে ১৭ জুন ন্যাশনাল ইনস্যুরেন্সকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার শেষ দিন ছিল গতকাল। কোম্পানিটি জবাব দিতে ব্যর্থ হয়েছে। তবে কোম্পানিটি নোটিশের জবাব দিতে আইডিআরএর কাছে গতকাল ৩০ দিন সময় চেয়েছে।
আইডিআরএ ‘কৈফিয়ত প্রদর্শনের জন্য সময়’ চাওয়ার আবেদন বিবেচনাধীন রয়েছে বলে কোম্পানিটিকে জানিয়েছে।
গতকাল রোববার প্রথম আলোতে ‘ন্যাশনাল ইনস্যুরেন্সের আইন লঙ্ঘন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।