ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ঋণের টাকা গেল কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের (এনবিপি) বাংলাদেশে কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। বাংলাদেশে ব্যাংকটির বিতরণ করা ঋণের ৯৫ শতাংশ এরই মধ্যে খেলাপি হয়ে গেছে। আটকে গেছে প্রায় দেড় হাজার কোটি টাকার আমানত। এই অবস্থায় বছরের পর বছর লোকসান গুনছে ব্যাংকটি।

বাংলাদেশে ব্যাংকটির চারটি শাখা রয়েছে। এসব শাখায় বর্তমানে তেমন কোনো গ্রাহক নেই। খেলাপি হয়ে পড়া ১ হাজার ৩৯৬ কোটি টাকার গ্রাহকদের খুঁজেও পাচ্ছে না ব্যাংকটি। তাই পাকিস্তানের রাষ্ট্রমালিকানাধীন এই বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুবিধাভোগী কারা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

 এদিকে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এনবিপির বাংলাদেশ অংশের দুর্নীতির দায়ে ব্যাংকটির সাবেক প্রেসিডেন্ট সাঈদ আলী রাজা, এনবিপি বাংলাদেশ শাখার সাবেক প্রধান কর্মকর্তা ইমরান বাট ও সাবেক মহাব্যবস্থাপক ওয়াসিম খানকে গ্রেপ্তার করেছে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। এনএবির কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে ১৬ জন ব্যাংকটির নানা কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে সলিমুল্লাহ, প্রদীপ, কাজী নিজামসহ কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এসব ব্যক্তির কারণে পাকিস্তানের জাতীয় রাজস্বের সাড়ে ১৮ কোটি ডলার (১ হাজার ৪৪০ কোটি টাকা) ক্ষতি হয়েছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

১৯৪৯ সালে পাকিস্তানের করাচিতে এনবিপির যাত্রা শুরু হয়। বর্তমানে প্রায় দেড় হাজার শাখা রয়েছে ওই দেশে। পাশাপাশি ২১টি দেশেও শাখা রয়েছে ব্যাংকটির। বাংলাদেশে আগে থেকেই ব্যাংকটির শাখা থাকলেও ১৯৭১ সালের স্বাধীনতার পর পাকিস্তানের হাতছাড়া হয় এনবিপির শাখা। এ সময় এনবিপির সব সম্পত্তি ও বিনিয়োগ অধিগ্রহণ করে সোনালী ব্যাংক। ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় থাকাকালীন এনবিপিকে নতুন করে বাংলাদেশে কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হয়। এরপর ব্যাংকটি বাংলাদেশে কার্যক্রম শুরু করে ১৯৯৪ সালের আগস্টে। বর্তমানে বাংলাদেশে চারটি শাখা রয়েছে এনবিপির। চট্টগ্রাম ও সিলেট এবং রাজধানীর গুলশান ও মতিঝিলে এসব শাখা অবস্থিত। ব্যাংকটিতে শতাধিক জনবল রয়েছে।

এনবিপির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ গত রাতে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে অনিয়মের জন্য ব্যাংকটির সাবেক প্রধানসহ কয়েকজনকে আটক করা হয়েছে। এ জন্য বলা যায়, এসব ঋণের সুবিধাভোগী ছিল পাকিস্তানের কোনো এজেন্ট। না হলে এত বড় ব্যাংকের প্রধানকে আটক করা হতো না। বাংলাদেশে কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে শক্ত ব্যবস্থা নিতে হবে। গ্রাহকদের আমানত সুরক্ষার জন্য উদ্যোগ নিতে হবে।’

রাজধানীর গুলশান ও মতিঝিল শাখায় গত ৮, ৯ ও ১০ আগস্ট তিন ঘণ্টা অবস্থান করে দেখা যায়, শাখায় কোনো গ্রাহক নেই। দু-একজন ভুল করে ডলার কিনতে এসেও ফিরে যাচ্ছেন। শাখা দুটির সব চেয়ার-টেবিলে কর্মকর্তাও নেই। যাঁরা আছেন, তাঁদের কোনো কাজকর্ম না থাকায় মোবাইলে কথা বলে, গল্পগুজবে সময় কাটাচ্ছেন। গতকাল সোমবারও একই চিত্র দেখা যায় এ দুটি শাখায়।

নাম প্রকাশ না করার শর্তে রাজধানীর গুলশান ও মতিঝিল শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা জানান, শাখায় কোনো কাজকর্ম নেই। তবে বেতন হচ্ছে নিয়মিত। মাঝে মাঝে পাকিস্তান থেকে জ্যেষ্ঠ কর্মকর্তারা আসেন। আলোচনা করে আবার চলে যান, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয় না। ওই কর্মকর্তারা বলেন, অন্য কোথাও চাকরি না পাওয়ায় এনবিপিতে রয়ে গেছেন। যাঁরা সুযোগ পাচ্ছেন, তাঁরা চলে যাচ্ছেন।

এনবিপি ও বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, গত জুন পর্যন্ত ব্যাংকটির ঋণ বেড়ে হয়েছে ১ হাজার ৪৭৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে পড়েছে ১ হাজার ৩৯৫ কোটি টাকা। খেলাপি ঋণের পুরোটাই ক্ষতিজনক মানের। ফলে এসব ঋণ আদায় হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ঋণখেলাপি হয়ে পড়ায় ব্যাংকটির মূলধন শেষ হয়ে গেছে। তাই ২০১৪ সালে ৪২০ কোটি টাকা মূলধন আসে পাকিস্তান থেকে। এরপরও আর্থিক অবস্থার কোনো উন্নতি করতে পারেনি ব্যাংকটি।

১৯৯৪ সালে বাংলাদেশে যাত্রা শুরুর পর কিছুদিন মুনাফার মুখ দেখলেও এরপর থেকে লোকসানে পড়ে ব্যাংকটি। তবু বছরের পর বছর অজ্ঞাত কারণে লোকসান বয়ে নিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার। ব্যাংকটি ২০১০ সালে লোকসান করে ১৪ কোটি টাকা। ২০১১ সালে ৩২ লাখ টাকা মুনাফা করলেও পরের বছরে ১৩৭ কোটি টাকা লোকসান করে। ২০১৩ ও ২০১৪ সালে ব্যাংকটি যথাক্রমে ১১৬ ও ৩১২ কোটি টাকা লোকসান করে। গত বছর লোকসান করে আড়াই কোটি টাকা।

ব্যাংকটির বাংলাদেশে শীর্ষ খেলাপি হলো কটন গ্রুপ। কাগজে কলমে এই প্রতিষ্ঠানের ঠিকানা উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ৫৬ নম্বর প্লটের এএইচ টাওয়ারের ১৪ তলা। প্রতিষ্ঠানটির কর্ণধার জিয়াউল হক। গত বুধবার ওই টাওয়ারে গিয়ে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই। ওই তলার কর্মী মোজাম্মেল হক বলেন, কটন গ্রুপ নামে কোনো প্রতিষ্ঠান এই ভবনে ভাড়া ছিল না। ওই গ্রুপের তিন প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা প্রায় ৩০০ কোটি টাকা। এর মধ্যে কটন করপোরেশনের ১৮৪ কোটি, ওয়াফা এন্টারপ্রাইজের ৮৯ কোটি ও জুমাইরাহ এন্টারপ্রাইজের ২৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালে এক বিশেষ পরিদর্শন করে ব্যাংকটির করাচির প্রধান কার্যালয়কে জানিয়েছিল, অস্তিত্ব নেই এমন প্রতিষ্ঠানকে অর্থায়ন করছে বাংলাদেশ শাখা। আমদানির জন্য ঋণপত্র খোলা হলেও পণ্য আসেনি। এর মাধ্যমে অর্থ পাচার করেছে কটন গ্রুপ।

এর বাইরে ইব্রাহিম টেক্সটাইলের খেলাপি ২৯ কোটি, ঢাকেশ্বরী হায়েটসের ৩২ কোটি, ডিজি নিটিং কোম্পানির ৪২ কোটি, এসবি ট্রেডার্সের ২৯ কোটি, ওয়ার্ল্ড টেল বিডির ৩৭ কোটি, আলেয়া সোয়েটারের ২৯ কোটি, টেক্সটাইল ভারসুসোর ৩০ কোটি, বিআই এন্টারপ্রাইজের ৩৫ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানও ঋণ পরিশোধ করছে না।

এনবিপির এমন পরিস্থিতির বিষয়ে বক্তব্য জানতে গত আগস্টে একাধিকবার গুলশানের প্রধান কার্যালয়ে গিয়ে ব্যাংকটির বাংলাদেশ প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান এবং উপদেষ্টা ইরতেজা রেজা চৌধুরীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কেউ কথা বলেননি। ব্যাংকটিতে এত দিন পাকিস্তানি নাগরিকদের নিয়োগ দেওয়া হলেও ২০১৫ সালের জুনে বাংলাদেশি হিসাবে কামরুজ্জামানকে প্রথম নিয়োগ দেয়।

গতকাল সোমবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে গেলে ইরতেজা রেজা চৌধুরীর বলেন, ‘এসব বিষয়ে কথা বলার অনুমতি নেই। যা বলার সব করাচি কার্যালয় থেকে বলা হবে।’ এ সময় মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত থাকলেও তিনি কোনো কথা বলেননি।