ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধন ২০১৩) লঙ্ঘন, আর্থিক অবস্থার অবনতি, নানা ঋণ অনিয়ম এবং শীর্ষ নির্বাহীর হঠাৎ পদত্যাগের পরিপ্রেক্ষিতে বেসরকারি ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) পর্ষদে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক গতকাল শনিবার বন্ধের মধ্যে জরুরি বিবেচনায় সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (গভর্নর, চার ডেপুটি গভর্নর ও কনসালটেন্ট নিয়ে গঠিত) এক সভায় এ সিদ্ধান্ত নেয় বলে উচ্চপর্যায়ের সূত্রে নিশ্চিত হওয়া গেছে। গভর্নর আতিউর রহমান এতে সভাপতিত্ব করেন। সূত্র জানায়, এই সিদ্ধান্ত ব্যাংক খোলার পর কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্রটি আরও জানায়, গত কয়েক বছর এনবিএলের আর্থিক পরিস্থিতির অবনতি হচ্ছে। ব্যাংকটির পর্ষদে শিকদার
পরিবারের পাঁচজন সদস্য রয়েছেন। তাঁরা হলেন ব্যাংকটির চেয়ারম্যান জয়নুল হক শিকদার, তাঁর স্ত্রী মনোয়ারা শিকদার, কন্যা পারভীন হক শিকদার এবং পুত্র রিক হক শিকদার ও রন হক শিকদার। ব্যাংক কোম্পানি আইন অনুসারে কোনো ব্যাংকে এক পরিবারের দুজনের
বেশি পরিচালক থাকতে পারেন না। ২০১৩ সালে জাতীয় সংসদে এই আইন পাস হওয়ার পর বাংলাদেশ ব্যাংক এক বছরের সময় দিয়েছিল তা বাস্তবায়নে। সেই অনুসারে গত ২২ জুলাই এর মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এনবিএলের পর্ষদে এখনো এক পরিবারের পাঁচজন সদস্য রয়েছেন।

এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এনবিএলের কয়েকটি শাখাতে বড় ধরনের ঋণ অনিয়ম চিহ্নিত হয়েছে। পর্ষদেও নিয়মনীতি উপেক্ষার তথ্য পরিদর্শনে বের হয়ে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক এরই পরিপ্রেক্ষিতে ব্যাংকটিতে কিছু দিকনির্দেশনা দিয়েছে। এর আগেও বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে আরও কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছিল, কিন্তু সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করেনি ব্যাংকটি।

উপরন্তু ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শফিকুর রহমান সম্প্রতি হঠাৎ পদত্যাগ করেন। যদিও শফিকুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে একাধিক সূত্র বলছে, পরিচালনা পর্ষদের কাছে অপমান-অপদস্থ হয়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ৩০ সেপ্টেম্বর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) শামছুল হুদা খানকে চলতি দায়িত্বে এমডি করা হয়েছে। 

এর আগে ব্যাংকের সাবেক এমডি নিয়াজ হাবিবের মেয়াদ শেষ হওয়ার পর পরিচালনা পর্ষদ বিভিন্ন ব্যাংকের কয়েকজন এমডিকে ব্যাংকে নেওয়ার প্রস্তাব করলেও কেউ তাতে রাজি হননি। তখন ব্যাংকটির এএমডি শফিকুর রহমানকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ৫ মার্চ তাঁকে এক বছরের জন্য এমডি নিয়োগ অনুমোদন করে। কিন্তু পাঁচ মাস আগেই তিনি পদত্যাগ করেন।

এনবিএলের প্রতিবাদ ও জবাব: প্রথম আলোর বাণিজ্য পাতায় ২ অক্টোবর ‘ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগ’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে ব্যাংক। চলতি দায়িত্বে থাকা এমডি শামছুল হুদা খান সই করা প্রতিবাদে বলা হয়েছে, শফিকুর রহমান অপমান ও অপদস্থ হয়ে পদত্যাগ করেছেন বলে প্রতিবেদনে যা বলা হয়েছে তা সঠিক নয়। ‘প্রকৃতপক্ষে এমডি স্বইচ্ছায় তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে’—দাবি ব্যাংকের।

ব্যাংক আরও বলেছে, তাদের গুলশান শাখার ওপর কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দলের বিভিন্ন গ্রাহক সম্পর্কে উত্থাপিত সাধারণ অনিয়মের যথাযথ ব্যাখ্যাসহ প্রতিবেদন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে। কোনো তফসিলি ব্যাংকের বিশদ কার্যক্রম পরিদর্শন করা ও এ-সম্পর্কিত প্রতিবেদন দেওয়া বাংলাদেশ ব্যাংকের সাধারণ কাজের এখতিয়ারভুক্ত। কোনো এমডি এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে কখনো প্রভাবিত করতে পারে না। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও তাঁর পরিবারের অন্য সদস্যদের মতপার্থক্যের বিষয়টি সঠিক নয়। সুতরাং কোনো পরিচালকের ক্ষুব্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে বা কোনো চাপের মুখে ন্যাশনাল ব্যাংকের বিদায়ী এমডি পদত্যাগ করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রতিবেদকের বক্তব্য : নজিরবিহীনভাবে বন্ধের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম বৈঠক করে যে সিদ্ধান্ত (ওপরে উল্লেখিত) নিয়েছেন, তা প্রমাণ করে ব্যাংকটির উদ্ভূত পরিস্থিতি কতটা জটিল।