ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগ
বেসরকারি ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শফিকুর রহমান হঠাৎ পদত্যাগ করেছেন। একাধিক সূত্র জানায়, ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে অপমান-অপদস্থ হয়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। যদিও শফিকুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ব্যাংকের পক্ষ থেকে তাঁকে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিদায়ও জানানো হয়। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) শামছুল হুদা খানকে চলতি দায়িত্বে এমডি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ও এনবিএল সূত্র জানায়, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির গুলশান শাখাতে পরিদর্শনে গিয়ে অন্তত এক হাজার ৬০০ কোটি টাকার ঋণ অনিয়ম চিহ্নিত করে।
কিন্তু ব্যাংকের গুলশান শাখার ঋণ অনিয়মের খোঁজ বাংলাদেশ ব্যাংক কীভাবে পেল, এ নিয়ে শফিকুর রহমানের ওপর কয়েকজন পরিচালক নানাভাবে চড়াও হন। আবার পর্ষদে চেয়ারম্যান ও তাঁর ছেলেমেয়েদের মধ্যে মতপার্থক্যের বিষয়েও কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকে কিছু নির্দেশনা দিয়েছে বলে সূত্র জানায়। এতেও পরিচালকেরা এমডির ওপর ক্ষুব্ধ হন। পরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
ব্যাংকটির চেয়ারম্যান জয়নুল হক শিকদারসহ শিকদার পরিবারের অন্তত চারজন সদস্য পর্ষদে রয়েছেন। তাঁরা হলেন মনোয়ারা শিকদার, পারভীন হক শিকদার ও রিক হক শিকদার।