ন্যাশনাল ব্যাংকের নতুন ঋণ প্রকল্প 'দারিদ্র্যমুক্তি'
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদার বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে সাবেক গভর্নরের চাপ ছিল এনজিওর মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করার। আমি কোনো ধার ধারিনি। সরাসরি শাখার মাধ্যমে কৃষকদের ঋণ দিয়েছি। আমি ব্যাংক পরিচালনায় কারও কোনো সুপারিশ মানি না। মন্ত্রীদেরও না।’
প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জন্য জামানতবিহীন ঋণ প্রকল্প ‘মুক্তি’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল হক সিকদার এসব কথা বলেন। রাজধানীর সীমান্ত স্কয়ারে ব্যাংকের বোর্ডরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে উপস্থিত সাংবাদিকদের পরামর্শে প্রকল্পটির নাম শেষ পর্যন্ত দেওয়া হয় ‘দারিদ্র্যমুক্তি’।
জয়নুল হক সিকদার বলেন, ‘জীবনে কোনো চাওয়া-পাওয়া নাই। গরিবদের উপকার করতে এসেছি। কারও ক্ষতি করি না। আমি তেল দেওয়া মাথায় তেল দিতে চাই না। এ কারণে গরিবদের জন্য বিশেষ এ প্রকল্প চালু করা হয়েছে।’ জয়নুল হক আরও বলেন, ‘কোনো বড়লোককে মুক্তিযুদ্ধ করতে দেখিনি। মুক্তিযুদ্ধ করেছে গরিবরা। বড়লোকেরা শুধু নিতে জানে, দিতে জানে না।’
ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘আমাদের প্রস্তাবিত ঋণ প্রকল্পটি প্রান্তিক ব্যবসায়ীদের কাছে সহজলভ্য করার চেষ্টা করেছি। “দারিদ্র্যমুক্তি” ঋণ মূলত ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোক্তা ও পেশাজীবী, হস্তশিল্প, কুটিরশিল্প এবং প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য চালু করা হয়েছে। এসব উদ্যোক্তা, পেশাজীবী ও কৃষক ন্যূনতম ১০ টাকায় হিসাব খুলে তাঁদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।’
জয়নুল হক সিকদার বলেন, ‘আমরা চাই যে রিকশাচালক সে রিকশার মালিক হয়ে উঠুক। দারিদ্র্যমুক্তি প্রকল্পটি তারই প্রয়াস। আমরা পিছিয়ে পড়া মানুষদের কাঠামোগত প্রক্রিয়ায় স্বাবলম্বী হওয়ার সুযোগ দিতে চাই। এতে তাঁরাও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবে।’
অনুষ্ঠানে জানানো হয়, ‘দারিদ্র্যমুক্তি’ ঋণটি সর্বোচ্চ ১৮ মাস মেয়াদি অথবা আবর্তনশীল, একজন গ্রাহক সর্বোচ্চ এক লাখ টাকা ঋণ-সুবিধা পাবেন। ঋণটি বার্ষিক ৫ শতাংশ সরল সুদে বিতরণ করা হবে। ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এ প্রকল্পের জন্য।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদার, মোয়াজ্জেম হোসেন, রন হক সিকদার, ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরিফুল ইসলাম প্রমুখ।