ন্যাশনাল হাউজিংয়ের চেয়ারম্যান হলেন লতিফুর রহমান

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আরও দুই বছরের জন্য ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি প্রতিষ্ঠানের পরিচালক পর্ষদের ১৮৭তম সভায় তাঁকে পুনর্নির্বাচিত করা হয়েছে। লতিফুর রহমান ন্যাশনাল হাউজিংয়ের একজন উদ্যোক্তা পরিচালক। বর্তমানে তিনি প্যারিসভিত্তিক আইসিসির নির্বাহী সদস্য ও আইসিসি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান; বেসরকারি সংস্থা ব্র্যাকের পরিচালনা পর্ষদের সদস্য; বাংলাদেশ বেটার বিজনেস কমিটির সদস্য এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সাতবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ও দুবার বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি এফবিসিসিআইয়ের নির্বাহী পর্ষদ, বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ চা সমিতির সদস্য এবং ট্রেড বডি রিফর্মস কমিটির চেয়ারম্যান ছিলেন। লতিফুর রহমান ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১২’ শীর্ষক পুরস্কার পান এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) কর্তৃক ‘বিজনেস এক্সিকিউটিভ ২০০১’ নির্বাচিত হন। ট্রান্সকম গ্রুপ ফাস্ট ফুড, কোমল পানীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য, ওষুধ, সংবাদপত্র, চাশিল্প, বিমা ইত্যাদি ব্যবসার সঙ্গে জড়িত। বিজ্ঞপ্তি