বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নেতারা আন্তরিকভাবে বিশ্বাস করেন, নতুন ন্যূনতম মজুরিকাঠামো বাস্তবায়িত হলে দেশের পোশাকশিল্প খাতে শ্রম অসন্তোষসহ সব অনভিপ্রেত ঘটনা কমবে।বিকেএমইএর নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নিটশিল্পের যে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগানোর জন্যও পোশাক কারখানাগুলোতে সফলভাবে নতুন ন্যূনতম মজুরিকাঠামো বাস্তবায়ন করা জরুরি।চট্টগ্রামে গতকাল শনিবার বিকেএমইএ আয়োজিত ‘উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন ন্যূনতম মজুরিকাঠামো বাস্তবায়ন ও নিট খাতের সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় সংগঠনের নেতারা এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম অঞ্চলের নিটওয়্যার কারখানার মালিক, স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথা জানানো হয়।সভায় বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাংসদ এম এ লতিফ, সহসভাপতি শফিউল হক, নগর বিশেষ শাখার পুলিশের অতিরিক্ত উপকমিশনার সামছুল হক এবং বিকেএমইএর সহসভাপতি (অর্থ) এ এইচ আসলাম সানি, পরিচালক গওহর সিরাজ জামিল, সাবেক পরিচালক শওকত ওসমান ও সিনিয়র সোশ্যাল কমপ্লায়েন্স অফিসার মো. মিজানুর রহমান।সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর পরিচালক এস এম সালাউদ্দিন, মো. হুমায়ুন কবীর খান, মো. সৈয়দ হোসেন সরকার, খন্দকার মোফাচ্ছেল উদ্দিন আহমেদ, শ্যামল কুমার সাহা, ফারুক বিন ইউসুফ, সচিব সুলভ চৌধুরী ও যুগ্ম সচিব মো. আলতাফ উদ্দিন।সভায় বিকেএমইএর নেতারা অভিমত দেন, শিল্পমালিকদের একার পক্ষে কিংবা সরকারের পক্ষে নিটশিল্প খাতের মতো একটি বিকাশমান বৃহৎ শিল্পের সব সমস্যার সমাধান আক্ষরিক অর্থেই কঠিন। তাঁরা বলেন, দেশীয় বাজারে সুতার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, প্রয়োজন অনুপাতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না পাওয়া, বন্দর ব্যবস্থাপনার মান আন্তর্জাতিক মানের না হওয়া, ব্যাংকঋণের উচ্চ সুদহার এবং রাজস্ব নীতির কিছু জটিলতা নিটশিল্পের বিকাশকে দিন দিন কঠিন থেকে কঠিনতর করে তুলছে।