ন্যূনতম শেয়ার-ধারণে ব্যর্থ ৩৩৫ পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিগুলোর ৩৩৫ জন পরিচালক ন্যূনতম শেয়ার-ধারণে ব্যর্থ হয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে আজ এ তথ্য জানা যায়।ডিএসই সূত্রে জানা যায়, গত বছরের ২২ নভেম্বর তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার-ধারণসংক্রান্ত একটি নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনা অনুযায়ী পরিচালকদের নিজ কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে দুই শতাংশ শেয়ার-ধারণ করতে হবে। সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার-ধারণ করতে হবে। এ ক্ষেত্রে ছয় মাসের সময় বেঁধে দেয় এসইসি; যা গত ২২ মে শেষ হয়েছে।এর পরিপ্রেক্ষিতে ডিএসইর পক্ষ থেকে কোম্পানিগুলোর কাছে এ-সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়। ডিএসইর প্রাপ্ত তথ্য মোতাবেক এ তথ্য প্রকাশ করা হয়।ডিএসই সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ২৩৫টি কোম্পানির মধ্যে ২০৯টি কোম্পানি ডিএসইর চিঠির জবাব দেয়। বাকি ২৬টি কোম্পানি ডিএসইতে তথ্য জমা দেয়নি। এসব কোম্পানির কাছে শেয়ার-ধারণসংক্রান্ত তথ্য চেয়ে আজ আবারও চিঠি পাঠানো হচ্ছে বলে ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন।ডিএসইতে তথ্য জমা দেওয়া ২০৯টি কোম্পানির মধ্যে ৯৮টি কোম্পানির ৩৩৫ জন পরিচালকের শেয়ার দুই শতাংশের নিচে রয়েছে। এ ছাড়া ২০৯টির মধ্যে ৩৯টি কোম্পানির পরিচালকের সম্মিলিত শেয়ার ৩০ শতাংশের নিচে রয়েছে বলে ডিএসই সূত্র জানায়।