শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল বুধবার সুবিধাভোগী ব্যবসা বিধিমালার এ-সংক্রান্ত বিধি শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং পরিচালকদের এককভাবে ২ শতাংশের কম শেয়ার রয়েছে, তাঁদের ক্ষেত্রে শেয়ার কেনায় আর কোনো বাধা থাকল না। তবে মনোনীত ও স্বতন্ত্র পরিচালকরা ২ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকবেন।এছাড়া এরই মধ্যে যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণ করেছেন, তাঁরা ‘বিধি শিথিলের’ সুবিধা পাবেন না।এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান জানিয়েছেন, সম্মিলিতভাবে ৩০ শতাংশ ও এককভাবে ২ শতাংশের কম শেয়ার ধারণকারী কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের বেলায় ১৯৯৫ সালের সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালার বিধি ৪-এর উপবিধি ২-এর কার্যকারিতা স্থগিত করা হয়েছে। এসইসির এই ধারা অনুযায়ী, ‘কোম্পানির বার্ষিক হিসাব শেষ হওয়ার নির্ধারিত তারিখের দুই মাস আগ থেকে ওই হিসাব পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্তভাবে বিবেচিত বা অনুমোদিত না হওয়া পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকসহ সুবিধাভোগী কেউই সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় বা অন্য কোনোভাবে হস্তান্তর বা গ্রহণ করতে পারবেন না।’ সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালার এই ধারা বহাল রেখেই গত ২২ নভেম্বর এসইসি নতুন এক প্রজ্ঞাপন জারি করে। তাতে বলা হয়, এখন থেকে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ এবং এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে সম্মিলিত ও এককভাবে নির্ধারিত সীমার কম শেয়ার রয়েছে, তাঁদের সেই শর্ত পরিপালনের জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়। ওই প্রজ্ঞাপন জারির পরপরই সংশ্লিষ্ট মহলগুলো জানায়, শেয়ারধারণ-সংক্রান্ত এসইসির নির্দেশনা পরিপালনের ক্ষেত্রে সংস্থাটির ‘সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ’ বিধিমালা বাধার সৃষ্টি করেছে। তারা জানায়, আগামী ৩১ ডিসেম্বর তালিকাভুক্ত অনেক কোম্পানির বার্ষিক হিসাব সমাপ্তির তারিখ নির্ধারিত রয়েছে। নিয়ম অনুযায়ী, এসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ক্ষেত্রে গত ১ নভেম্বর থেকে শেয়ার কেনাবেচা নিষিদ্ধ। কোম্পানির পরিচালনা পর্ষদে বার্ষিক হিসাব বিবরণী চূড়ান্তভাবে বিবেচিত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ কারণে অনেক কোম্পানির উদ্যোক্তা-পরিচালক ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পরিপালন করতে পারছেন না।এ রকম অবস্থায় এসইসি সংশ্লিষ্ট বিধি শিথিল করার সিদ্ধান্ত নেয়। গতকালই এসইসির এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বাজারে লেনদেন চলাকালে জানিয়ে দেওয়া হয়।