পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের পদ খারিজের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এর ফলে তালিকাভুক্ত কোম্পানির যেসব পরিচালকের হাতে নিজ কোম্পানির ২ শতাংশের কম শেয়ার রয়েছে তাঁদের পরিচালক পদ ছাড়তেই হচ্ছে। গতকাল বুধবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসইসি বিষয়টি নিশ্চিত করেছে।এসইসি জানিয়েছে, চলতি বছরের ২১ মের মধ্যে যেসব পরিচালক ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন, তাঁদের পরিচালক পদ থেকে বাদ দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে হবে। আর পুনর্গঠিত পরিচালনা পর্ষদের তালিকা এবং এ সংক্রান্ত যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের (আরজেএসসি) সত্যায়িত সনদ ১৫ নভেম্বরের মধ্যে কমিশনে জমা দিতে হবে। কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে এসইসির নির্দেশনা পরিপালনে ব্যর্থ পরিচালকদের তথ্য চেয়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে চিঠি দেওয়া হয়। তাতে ১৫ জুলাইয়ের মধ্যে এসইসিতে তথ্য জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে ২২ মে থেকে যেসব পরিচালকের হাতে ন্যূনতম শেয়ার নেই, তাঁদের বাদ দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের জন্য তালিকাভুক্ত সব কোম্পানিকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন সূত্র জানায়, তালিকাভুক্ত ২৩৮টি কোম্পানির মধ্যে ২৩৩টি কোম্পানি নির্ধারিত সময়ে পরিচালকদের শেয়ার ধারণসংক্রান্ত তথ্য এসইসিতে জমা দেয়। সেই তথ্যের ভিত্তিতে এসইসি ব্যর্থ পরিচালকদের একটি তালিকা চূড়ান্ত করে। এসইসির সেই তালিকা অনুযায়ী, ১০২ কোম্পানির ৩৫৯ জন পরিচালকের হাতে নিজ নিজ কোম্পানির ২ শতাংশের কম শেয়ার রয়েছে। অর্থাৎ ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পরিপালনে এসব পরিচালক ব্যর্থ হয়েছেন। ১২ সেপ্টেম্বর এসইসির তৈরি সেই ব্যর্থ পরিচালকদের তালিকা প্রথম আলোতে ছাপানো হয়েছে।সূত্র জানায়, ১১ সেপ্টেম্বরের কমিশন সভায় ব্যর্থ পরিচালকদের পদ ছাড়ার নির্দেশনা জারির বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ওই দিন কমিশন সভা মুলতবি করায় ওই সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমে জানানো হয়নি। ১২ সেপ্টেম্বর প্রথম আলোতে ওই সিদ্ধান্তের খবর প্রকাশ করা হয়। পরে কৌশলগত কারণে তালিকাটি আরও পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল কমিশনের সভায় ব্যর্থ পরিচালকদের বাদ দেওয়ার নির্দেশনা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের ২২ নভেম্বর এসইসি তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণসংক্রান্ত নির্দেশনা জারি করে। তাতে বলা হয়, এখন থেকে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে সব সময় নিজ নিজ কোম্পানির ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালককে এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। তবে স্বতন্ত্র ও মনোনীত পরিচালকদের এই নির্দেশনার বাইরে রাখা হয়েছিল। নির্দেশনা জারির পরপর তা পরিপালনের জন্য ছয় মাস সময় বেঁধে দিয়েছিল এসইসি। এসইসির ওই নির্দেশনাকে চ্যালেঞ্জ করে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানির উদ্যোক্তা পরিচালক উচ্চ আদালতে রিট আবেদন করেন। সব রিটের শুনানি শেষে আদালত এসইসির নির্দেশনাকে বৈধ বলে রায় দেন।