ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হওয়ায় বরকতুল্লাহকে জরিমানা

ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারের তালিকাভুক্ত বরকতুল্লাহ ইলেকট্রো ডায়নামিক লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার বিএসইসির ৫০৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিএসইসির নির্দেশনা পরিপালন করলেও তা নির্ধারিত সময়ে কমিশনকে অবহিত না করায় তালিকাভুক্ত ১৬টি কোম্পানিকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২০১১ সালের ২২ নভেম্বর জারি করা নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে ব্যর্থ হওয়ার মাধ্যমে বরকতুল্লাহ ইলেকট্রো ডায়নামিক আইন ভঙ্গ করায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া কমিশনের ওই নির্দেশনা পরিপালন করলেও নির্ধারিত সময়ের মধ্যে কমিশনকে অবহিত না করায় ১৬টি কোম্পানিকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এই ১৬টি কোম্পানির মধ্যে রয়েছে, এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আনলিমাএয়ার্ন ডাইং, সিএমসি কামাল টেক্সটাইল মিলস, পদ্মা ইসলামিক লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, কাশেম ড্রাইসেলস লিমিটেড, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্লোবাল ইনস্যুরেন্স লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, ইনটেক অনলাইন লিমিটেড, ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
প্রসঙ্গত, ২০১১ সালের ২২ নভেম্বর কোম্পানির পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বিএসইসি। ওই নির্দেশনায় বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা বা পরিচালককে নিজ নিজ প্রতিষ্ঠানের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। একই সঙ্গে উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে বাধ্যবাধকতা আরোপ করা হয় ওই নির্দেশনায়।