ন্যূনতম শেয়ার ধারণের তথ্য যাচাই-বাছাই চলছে
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণসংক্রান্ত হালনাগাদ তথ্য যাচাই-বাছাই করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।সংস্থাটির সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, গতকাল সোমবার পর্যন্ত তালিকাভুক্ত ২৩৫ কোম্পানির মধ্যে ২১৫ কোম্পানি তাদের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণসংক্রান্ত তথ্য ডিএসইতে জমা দিয়েছে। এখন এসব তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা চূড়ান্ত করার কাজ করছে ডিএসই।সংস্থাটি গত ২৩ মে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণসংক্রান্ত তথ্য চেয়ে চিঠি দেয়। কোম্পানির সচিব বরাবরে পাঠানো চিঠিতে ২১ মে পর্যন্ত কোম্পানির শেয়ার ধারণসংক্রান্ত হালনাগাদ তথ্য চাওয়া হয়। গত ৩১ মে ছিল এসব তথ্য জমা দেওয়ার শেষ দিন। এই সময়সীমার মধ্যে বেশির ভাগ কোম্পানি তাদের তথ্য জমা দিলেও কয়েকটি কোম্পানি জমা দিতে ব্যর্থ হয়। সেসব প্রতিষ্ঠানের কাছ থেকেও তথ্য সংগ্রহের কাজ চলছে।এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত বছরের ২২ নভেম্বর একটি নির্দেশনা জারি করে। যাতে বলা হয়, এখন থেকে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ এবং এককভাবে প্রত্যেক পরিচালককে ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। আর এই শর্ত পরিপালনের জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়, যা গত ২১ মে শেষ হয়ে গেছে।এসইসির বেঁধে দেওয়া সময়সীমার পর কোম্পানির পরিচালকদের শেয়ার ধারণসংক্রান্ত সর্বশেষ অবস্থা জানতেই ডিএসই এ-সংক্রান্ত তথ্য চেয়ে কোম্পানিগুলোকে চিঠি দেয়।