তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ-সংক্রান্ত এসইসির নির্দেশনার বিরুদ্ধে তিন কোম্পানির পরিচালকের দায়ের করা রিটের শুনানি গতকাল শেষ হয়েছে।বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। দুই দিন শুনানি শেষে আজ সোমবার রায় প্রদানের দিন ধার্য করা হয়েছে।রোববার সকাল থেকে শুরু হওয়া এই শুনানি দুপুরের এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। বিরতির পর রিটকারীদের বিপক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষে শুনানিতে অংশ নেন তানিয়া আমীর। যুক্তি উপস্থাপনের একপর্যায়ে তিনি বলেন, কোম্পানির পরিচালকেরা মূল্য সংবেদনশীল অনেক তথ্যের সুবিধা নিয়ে, কোনো বিধানের তোয়াক্কা না করে বেশি দামে শেয়ার বিক্রি করে দিয়েছেন। এ ক্ষেত্রে তাঁরা নানা কারসাজির (ম্যানিপুলেশন) আশ্রয় নিয়েছেন।এসব কারসাজিকারীর বিরুদ্ধে এসইসিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ জারির জন্য আদালতের প্রতি আবেদন জানান তানিয়া আমীর।এ পর্যায়ে আদালত বলেন, ‘বিদ্যমান আইনেই তো এসইসির অনেক কিছুই করার ছিল, কিন্তু তারা কিছুই করেনি।’তানিয়া আমীরের শুনানির ফাঁকে ফাঁকে আদালত আরও বলেন, ‘ন্যূনতম শেয়ারধারণের মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়ে (হাইলি সেনসেটিভ মেটার) এসইসি উদাসীনভাবে (ক্যালাসলি) কাজ করেছে। কেন এভাবে করবে তারা? এ-সংক্রান্ত প্রজ্ঞাপনের ব্যাখ্যা যদি না থাকত, তাহলে প্রথম প্রজ্ঞাপনটি সম্পূর্ণ অস্পষ্ট (টোটালি ভেইগ) হয়ে যেত।’আদালত আরও প্রশ্ন করেন, ‘এই এসইসির ওপর বিনিয়োগকারীদের কীভাবে আত্মবিশ্বাস থাকবে? তারা সত্যিকারভাবে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় কাজ করে, এমনটা তো মনে হয় না।’আদালত আরও বলেন, ‘এখনো যদি এসইসির ঘুম না ভাঙে, তবে কখন ভাঙবে? মনে হচ্ছে আগুন না জ্বললে, বিনিয়োগকারী আত্মহনন না করলে এসইসি কিছুই করে না।’এর আগে সকালে বিনিয়োগকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, দেরিতে হলেও সাধারণ বিনিয়োগকারী ও বাজারের স্বার্থে এসইসি সঠিক একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।এই বক্তব্যের জের ধরে আদালত বলেন, ‘সাধারণ বিনিয়োগকারীরা সব হারানোর পর, আত্মহননের পর এসইসি এ কাজ করেছে। আগে কী করেছিল? কেন সঠিকভাবে বাজার নিয়ন্ত্রণ করল না?’জবাবে তাপস আদালতকে বলেন, এ জন্য সরকার এসইসির চেয়ারম্যানকে সরিয়ে দিয়েছে। কারসাজির সঙ্গে যুক্ত এসইসির অপর কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।দ্বিতীয় দিনের শুনানি চলাকালে গতকাল পক্ষে-বিপক্ষের আইনজীবীরা পরস্পরের বিভিন্ন যুক্তি খণ্ডন করেন। বিকেলের পর্বে রিটকারীদের পক্ষের আইনজীবী ড. এম জহিরের যুক্তিখণ্ডনকালে আদালত বলেন, ‘ভারতে উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণের বিষয়ে আইন আছে। সেখানে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ২০ শতাংশ শেয়ারধারণ বাধ্যতামূলক। ২০০০ সাল থেকে এই আইন সেখানে আছে।’ আদালত প্রশ্ন করেন, ‘তাহলে আমাদের এখানে সে রকম আইন করলে সমস্যা কোথায়?’জবাবে জহির আদালতকে বলেন, ‘সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণের আইন আমাদের দেশেও থাকতে পারে। সেটা নিয়ে আমাদের খুব বেশি বিরোধিতা নেই। আমাদের বিরোধিতা, কেন এককভাবে উদ্যোক্তা পরিচালকদের ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে?’তখন আদালত পাল্টা প্রশ্ন করে বলেন, ‘যদি ৩০ শতাংশ থাকতে পারে, তাহলে এককভাবে ২ শতাংশ থাকতে অসুবিধা কোথায়? বাংলাদেশ কি অন্য দেশের বাইরে গিয়ে কিছু করতে পারে না?’এদিকে, গতকাল রোববার একই আদালতে আরও দুটি রিট পিটিশন দাখিল করা হয়েছে।অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও সাংসদ আব্দুল জলিলসহ কোম্পানিটির চার পরিচালকের পক্ষে একটি রিট দাখিল করেন রোকনউদ্দিন মাহমুদ। অপর রিটটি দাখিল করেন ড. কামাল হোসেন। তবে তিনি কাদের পক্ষে রিটটি দাখিল করেছেন, তা জানা যায়নি।অবশ্য দুজনই এসইসির ২সিসি ক্ষমতাকে চ্যালেঞ্জ করে রিট আবেদন দুটি দাখিল করেন। আদালত রিট দুটি গ্রহণ করে আগামীকাল মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।