ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ উদ্যোক্তা শেয়ার ধারণ করার বাধ্যবাধকতা আরোপ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা নির্দেশনা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট৷
গতকাল বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন৷
২০১১ সালের ২২ নভেম্বর বিএসইসির (তখন এসইসি) এক প্রজ্ঞাপনে পরিচালক হওয়ার জন্য কমপক্ষে ২ শতাংশ উদ্যোক্তা শেয়ার থাকার বাধ্যবাধকতা আরোপ করা হয়৷ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ২ সিসি ক্ষমতাবলে ওই নির্দেশনা আরোপ করা হয়। সে সময় ওই নির্দেশনার বিরোধিতা করে বেশ কয়েকজন পরিচালক আদালতে রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ বিএসইসির (তখনকার এসইসি) নির্দেশনাকে ‘বৈধ’ বলে রায় দেন৷
পরবর্তীতে এর বৈধতা চ্যালেঞ্জ করে এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও উদ্যোক্তা পরিচালক মোস্তাফিজুর রহমান হাইকোর্টে রিট করেন৷ প্রাথমিক শুনানি নিয়ে ২০১২ সালের ১২ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন৷ রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত তা মঞ্জুর (অ্যাবসলুট) করে রায় দেন৷
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও শাহ মো. আহসানুর রহমান৷ এসইসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও শেখ ফজলে নূর তাপস৷
পরে আইনজীবী শাহ মো. আহসানুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত ২০১১ সালের ২২ নভেম্বর এসইসির ওই নোটিফিকেশনের ডি এবং ই অনুচ্ছেদ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন৷ ডি ধারায় পরিচালকদের ২ শতাংশ স্পনসর শেয়ার এবং ই ধারায় ৫ শতাংশ শেয়ারের বিষয়ে বলা আছে৷ আদালত বিধানটি অবৈধ ঘোষণা করায় এখন পরিচালক হতে ন্যূনতম ২ শতাংশ উদ্যোক্তা শেয়ার ধারণ বাধ্যতামূলক হবে না৷ তবে কোয়ালিটি শেয়ারের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে বিধান আছে, তা বলবৎ থাকবে৷