নড়াইলে ঈদের বেচাকেনা বাড়ছে
জমে উঠেছে নড়াইলে ঈদের বাজার। সকাল থেকে রাত পর্যন্ত শহরের রূপগঞ্জ বাজারের বিপণিবিতান ও দোকানগুলোয় ভিড় লেগে আছে। দোকানিরা বলছেন, এবার বেচাকেনাও বেশ ভালো। তবে ক্রেতারা বলছেন, দাম বেশ চড়া। দীপক স্টোরের মালিক দীপক কুমার ঘোষ জানান, সব ধরনের পোশাকই এবার বিক্রি হচ্ছে। এর মধ্যে বেশি বিক্রি হচ্ছে মেয়েদের অক্টোপাস (দাম ২১০০), ওয়াকা-ওয়াকা ও সাকিরা এবং শিশুদের মাই নেম ইজ খান প্রভৃতি।পৌর মার্কেটের আল-আমিন বস্ত্রালয়ের মালিক আবুল কালাম আজাদ বলেন, মেয়েদের থ্রি-পিস বেশি বিক্রি হচ্ছে। রূপা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী নারায়ণ চন্দ্র সাহা জানান, সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দামের জামদানি এবং এক হাজার ৬০০ থেকে তিন হাজার ৫০০ টাকা দামের টাঙ্গাইলের শাড়িও বেশ বিক্রি হচ্ছে। ফুটপাতের দোকানদার ছোলেমান মোল্লা বলেন, ‘গরিব শ্রেণীর মানুষেরাই আমাদের কাছ থেকে জিনিসপত্র কিনে থাকে। এবার বেচাকেনা ভালো।’