নড়াইলে জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে নড়াইলে জমে উঠেছে ঈদের বাজার। শহরের বিভিন্ন বিপণিবিতানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা ঈদের কেনাকাটা করছেন।শহরের রূপগঞ্জ পৌর সুপার মার্কেট, আলতাব হোসেন মার্কেট, মোল্লা মার্কেটে গতকাল রোববার বেশ জমজমাট দেখা গেছে। দুপুরের পর থেকেই বিপণিবিতানগুলোতে বাড়তে থাকে ক্রেতা। আর সন্ধ্যার পর নামে ক্রেতার ঢল। শুধু বিপণিবিতানই নয়, ফুটপাতের বিকিকিনিও জমেছে। নিম্নবিত্ত শ্রেণীর লোকজন তাঁদের কেনাকাটা সারছেন সেখান থেকেই। আর উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত লোকেরাও ঢুঁ মারছেন সেসব দোকানে।পোশাক ব্যবসায়ী দীপক স্টোরের মালিক দীপক ঘোষ বলেন, ঈদের কেনাবেচা বেশ ভালো। মেয়েদের ‘ঝিলিক’, ‘আওয়ারা’, ছেলেদের ‘পাগলু ওয়ান’ ও ‘পাগলু টু’ বেশ চলছে। এ ছাড়া রোজম্যান শার্টের চাহিদাও বেশ। আল-আমিন বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আবুল কালাম জানান, বিভিন্ন ধরনের থ্রি-পিস ৪০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে হাতের কাজ করা থ্রি-পিসের চাহিদা বেশি। তারিক স্কয়ারের কসমেটিক ব্যবসায়ী মুকুল জানান, স্কুল-কলেজের মেয়েরা বিভিন্ন ধরনের কসমেটিক কিনেছে। মোল্লা মার্কেটের শাড়ি বিতানের মালিক বিকাশ কুড়ি জানান, জর্জেট, কাতান ছাড়াও টাঙ্গাইলের শাড়ির কদর বেড়েছে।স্কুলশিক্ষক মশিয়ার রহমান বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর পোশাকের দাম কিছুটা বেড়েছে।’আউড়িয়া গ্রামের কৃষক রমজান আলী বলেন, ‘ফুটপাত থেকে ছেলেমেয়েদের জন্য জামা-কাপড় কিনিছি। এবার জিনিসপত্রের বেশি দাম হইছে।’নড়াইল জেলা পুলিশ সুপার মো. রকিবুল ইসলাম বলেন, গভীর রাত পর্যন্ত ঈদের কেনাকাটা করতে নারীদের যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে।