নয় দিন বন্ধের পর শেয়ারবাজারে আজ থেকে লেনদেন শুরু
টানা নয় দিনের ছুটি শেষে দেশের শেয়ারবাজারে আজ রোববার থেকে আবার লেনদেন শুরু হচ্ছে। ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন ছিল বন্ধ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ রোববার বেলা ১১টায় একযোগে লেনদেন শুরু হবে। টানা ছুটি শেষে আজকের লেনদেনের দিকে বাজারসংশ্লিষ্ট সবার বিশেষ নজর রয়েছে। কারণ দরপতন দিয়েই ঈদের আগের লেনদেন শেষ হয়েছিল। বিনিয়োগকারীসহ সবার নতুন এক প্রত্যাশা নিয়ে আজ থেকে আবার লেনদেন শুরু হবে।দীর্ঘ এই ছুটির পর শেয়ারবাজার ইতিবাচক ধারায় ফিরবে বলে আশা করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। টানা দরপতনে পুঁজি হারানো বিনিয়োগকারী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই বাজারের ‘স্বাভাবিক স্থিতিশীল আচরণ’ প্রত্যাশী। বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাশার কথা জানা গেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঈদের আগে লেনদেনে মন্দাভাব থাকলেও ধীরে ধীরে লেনদেনের পরিমাণ বাড়বে। ঈদের কারণে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে নগদ টাকার চাহিদা বেড়ে যাওয়ায় ওই সব বাজারে খুব বেশি সক্রিয় হতে পারেনি। এখন আর সেই প্রয়োজন নেই। তাই বাজারে ব্যাংক- আর্থিক প্রতিষ্ঠানসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে। যোগাযোগ করা হলে ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘আশা করছি বাজার স্বাভাবিক ও ইতিবাচক ধারায় ফিরে আসবে। ঈদুল আজহা সামনে রেখে অনেক বিনিয়োগকারী বাজার থেকে নগদ টাকা তুলে নিয়েছিলেন। সে সব টাকা আবারও বাজারে আসতে শুরু করবে। সেই সঙ্গে ঈদের আগে বাজারে শেয়ারের বিক্রির যে চাপ ছিল, সেটিও অনেক কমবে। অনেকে নতুন করে বিনিয়োগ শুরু করবেন।’জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘আগামী ডিসেম্বরে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর হিসাব বছর শেষ হবে। এর আগে এসব প্রতিষ্ঠান তাদের লোকসান কমিয়ে আনার চেষ্টা করবে। এ জন্য আগের চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাজারে আরও বেশি সক্রিয় হবে বলে আশা করছি।’ছুটির আগের শেষ লেনদেন সপ্তাহজুড়েই বাজারে ছিল মন্দাভাব। সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজার ডিএসইর দৈনিক গড় লেনদেন নেমে এসেছে প্রায় ২৭০ কোটি টাকায়। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল প্রায় ৪১৫ কোটি টাকার। ঈদের আগের সপ্তাহ শেষে ঢাকার বাজারের মূল্যসূচক প্রায় ১০০ পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ২০৯ পয়েন্টে। যদিও বন্ধের আগের সপ্তাহে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। আলোচ্য সপ্তাহটিতে ডিএসইতে ২৬৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২১৯টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ৪২টির আর অপরিবর্তিত ছিল তিনটির দাম। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঈদ সামনে রেখে প্রতিবছরই শেয়ারবাজারে লেনদেনে কিছুটা মন্দাভাব থাকে। তবে কয়েক মাস ধরে বাজারে দরপতন অব্যাহত থাকায় এ বছর এই মন্দাভাব আরও বেড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, বন্ধের আগের সপ্তাহে তালিকাভুক্ত ২৫টি কোম্পানি তাদের হিসাব বছর শেষে লভ্যাংশের ঘোষণা দিয়েছে। এর মধ্যে সাতটি কোম্পানি এ বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।এদিকে ঈদের আগের শেষ কার্যদিবসে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল। এ দিন মাত্র ১৮২ কোটি টাকার লেনদেন হয়েছিল। চলতি বছরের ২০ জানুয়ারির অস্বাভাবিক লেনদেনের নজির বাদ দিলে এটি ছিল প্রায় সোয়া তিন বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে ঈদের পরও দরপতনের ধারা অব্যাহত থাকলে বৃহৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এরই মধ্যে সংগঠনটি মহাসমাবেশ আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।