নয় দিনের ছুটিতে শেয়ারবাজার
পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে আগামী নয় দিন (সাপ্তাহিক ছুটিসহ) বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ইশতিয়াখ আহমেদ সোহাগ প্রথম আলো ডটকমকে বলেন, পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ডিএসইতে নয় দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ডিএসইর পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ অক্টোবর যথারীতি ডিএসইতে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে, আজ সিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ১৩ থেকে ১৭ অক্টোবর সিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। সিএসইতেও ২০ অক্টোবর থেকে যথারীতি লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে বলে এতে উল্লেখ করা হয়।