নয় ব্যাংকে মূলধন ঘাটতি দেখা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিনির্ভর সম্পদের বিপরীতে নয়টি ব্যাংক মূলধন সংরক্ষণ করতে পারেনি। গত জুন শেষে এসব ব্যাংকে ঘাটতি দেখা দিয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা।
নয় ব্যাংকের পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। চারটি বেসরকারি ব্যাংক। এর একটি আবার বিদেশি ব্যাংক। নতুন করে ঘাটতিতে পড়েছে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক।
ছয় মাস আগে, অর্থাৎ গত ডিসেম্বর শেষে ছয় ব্যাংকে মূলধন ঘাটতি ছিল নয় হাজার কোটি টাকা।
সর্বশেষ, অর্থাৎ ২০১৪ সালের জুনের হিসাবে নয় ব্যাংকে বড় অঙ্কের মূলধন ঘাটতি থাকলেও কিছু ব্যাংকে উদ্বৃত্ত আছে। এই উদ্বৃত্ত সমন্বয়ের পর সামগ্রিক ব্যাংক খাতে ৮৪৮ কোটি টাকা ঘাটতি দেখা দিয়েছে জুনে। আর ডিসেম্বরে ব্যাংক খাতে মূলধন উদ্বৃত্ত ছিল তিন হাজার ৩৫৬ কোটি টাকা।
খেলাপি ঋণ বৃদ্ধির কারণে ব্যাংকগুলোর মুনাফা তুলনামূলকভাবে না বাড়ায় এই ঘাটতি হয়েছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
প্রসঙ্গত, ব্যাংক খাতে আন্তর্জাতিক মানসংক্রান্ত ব্যাসেল কমিটির সুপারিশ (ব্যাসেল-টু নীতিমালা) অনুসারে ব্যাংকগুলো বর্তমানে ন্যূনতম ৪০০ কোটি টাকা অথবা ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ১০ শতাংশ, এর মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অর্থ মূলধন হিসেবে সংরক্ষণ করে। সাধারণভাবে ব্যাংকগুলো তার মুনাফা থেকে এসব অর্থ সংরক্ষণ করে থাকে। আগে মূলধন সংরক্ষণের ক্ষেত্রে শুধু ঋণ-ঝুঁকি বিবেচনায় নেওয়া হতো। এখন ঋণের পাশাপাশি বাজার ও পরিচালন-ঝুঁকিকেও বিবেচনায় নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও রূপালী ব্যাংকে মূলধন ঘাটতি রয়েছে। সোনালী ব্যাংকে ঘাটতি এক হাজার ৫১১ কোটি টাকা। যোগাযোগ করা হলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, পদ্ধতিগত ত্রুটির কারণে জুনে তাঁদের মূলধন ঘাটতি হয়েছে। তিনি আশা করেন, আগামী ডিসেম্বর শেষে এই ঘাটতি থাকবে না। আর রূপালী ব্যাংকে ঘাটতি রয়েছে ২১৭ কোটি টাকা। ঘাটতির তালিকায় রয়েছে বিশেষায়িত বেসিক ব্যাংক। জুনে এই ব্যাংকে এক হাজার ৬৭৫ কোটি টাকার মূলধন ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকে ঘাটতি রয়েছে পাঁচ হাজার ৯৯৮ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে রয়েছে ৬৫০ কোটি টাকা।
এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকে ঘাটতি ৪০ কোটি টাকা। আইসিবি ইসলামী ব্যাংকে এক হাজার ৪১৬ কোটি টাকা এবং নতুন করে ঘাটতিতে পড়া প্রিমিয়ার ব্যাংকে ৫৬ কোটি ২৯ লাখ টাকার মূলধন ঘাটতি দেখা দিয়েছে। আর বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে মূলধন ঘাটতি হয়েছে ৩৭০ কোটি টাকা।
তবে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক মন্দা-পরবর্তী প্রভাব এবং ২০১৩ সালের দেশীয় রাজনৈতিক অস্থিরতার ক্ষতিকর প্রভাব কাটিয়ে বাংলাদেশের ব্যাংক খাত স্বল্পতম সময়ে সুদৃঢ় ভিত্তি অর্জনে সক্ষম হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্রমাগতভাবে কার্যকর ও আন্তর্জাতিক মানের সুপারভিশন পদ্ধতি গ্রহণ অব্যাহত রয়েছে। ব্যাসেল-২ নীতিমালা মোতাবেক ব্যাংকগুলোকে তাদের ঝুঁকিভিত্তিক সম্পদের ৮ শতাংশ হারে মূলধন সংরক্ষণ করতে হয়। তবে বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক এ হার ১০ শতাংশ নির্ধারণ করেছে। যার বিপরীতে জুন শেষে ব্যাংকগুলো গড়ে ১০ দশমিক ৬৮ শতাংশ হারে মূলধন সংরক্ষণে সক্ষম হয়েছে।