ঋণ দিয়ে শীর্ষ খেলাপিদের কাছে আটকা পড়ে আছে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক। এসব খেলাপি গ্রাহকের কাছ থেকে ঋণ আদায় করতে পারছে না ব্যাংক, আবার আইনি পদক্ষেপেও অগ্রগতি হচ্ছে না। ফলে এসব ঋণ নিয়ে বিপাকেই পড়েছে ব্যাংকটি।
শীর্ষ-২০ খেলাপির কাছে আটকে আছে ব্যাংকটির ১ হাজার ১৫১ কোটি টাকা। গত সেপ্টেম্বর পর্যন্ত আদায় করতে পেরেছে মাত্র দেড় কোটি টাকা। অগ্রণী ব্যাংক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, শীর্ষ-২০ খেলাপির মধ্যে একটি বাদে বাকি সব ঋণই ক্ষতিজনক মানের। এসব ঋণ আদায়ে অর্থঋণ আদালতে মামলা চলছে। তবে ব্যাংকের পক্ষ থেকে আদালতের বাইরে মামলা নিষ্পত্তি করে অর্থ আদায়ের চেষ্টা চলছে। এর মধ্যে শীর্ষ খেলাপি মুন বাংলাদেশের কর্ণধার মিজানুর রহমানসহ চট্টগ্রামভিত্তিক কয়েকটি খেলাপি প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে ব্যাংকের আলোচনা হয়েছে। তাঁরাও আদালতের বাইরে ঋণ মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন।
এসব বিষয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, খেলাপি ঋণ আদায়ে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ১০০ দিনের বিশেষ কর্মসূচি চলছে। বড় ঋণগুলো মামলায় আটকা পড়ছে। এসব নিষ্পত্তি করতে ব্যাংকের তৎপরতা বাড়ানো হয়েছে। এ ছাড়া শীর্ষ কয়েকজন খেলাপির সঙ্গে আলোচনা চলছে।
শামস-উল-ইসলাম আরও জানান, ব্যাংকের নিজস্ব ৫০ জন আইন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে চেষ্টা চলছে। এসব কর্মকর্তা নিয়োগ পেলে আইনি পদক্ষেপও ত্বরান্বিত হবে।
তবে সেপ্টেম্বরভিত্তিক তথ্য বলছে, ব্যাংকটি অবলোপন করেছে ৪ হাজার ৮৮৯ কোটি টাকা। এর মধ্যে চলতি বছরে আদায় হয়েছে মাত্র ১২ কোটি টাকা। আর খেলাপি ৪ হাজার ৬৬০ কোটি টাকার মধ্যে আদায় হয়েছে ২৩৫ কোটি টাকা।
কার কত খেলাপি ঋণ: জানা গেছে, শীর্ষ খেলাপিদের মধ্যে ম্যাকশীপ বিল্ডার্সের কাছে লালদীঘি করপোরেট শাখার পাওনা ১৫৯ কোটি টাকা। এর বিপরীতে ৫ কোটি টাকার স্থায়ী আমানত থাকলেও তা মামলা দায়েরের আগে নগদায়ন হয়ে গেছে। মুন বাংলাদেশের কাছে প্রধান শাখার পাওনা ১৩৭ কোটি টাকা; এর বিপরীতে জামানত রয়েছে ৫২ শতাংশ জমি ও ৭৮ কোটি টাকার ভবন। এম আর ট্রেডিং কোম্পানির কাছে প্রধান শাখার পাওনা ৮৫ কোটি টাকা; এর বিপরীতে জামানত মাত্র ৪ কোটি টাকার জমি।
মেসার্স সামান্নাজ সুপার অয়েলের কাছে আগ্রাবাদ করপোরেট শাখার পাওনা রয়েছে ৭৬ কোটি টাকা। এই ঋণটি পুনর্গঠনের জন্য বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলেও পর্যাপ্ত জামানতের কারণে তা বাস্তবায়িত হয়নি। মেসার্স এম আর ট্রেডিংয়ের কাছে বরগুনা শাখার পাওনা ৬৫ কোটি টাকা; এর বিপরীতে জামানত রয়েছে ৫৫ কোটি টাকা।
এ ছাড়া লালদীঘি করপোরেট শাখায় মেসার্স আরাফাত স্টিল ইন্ডাস্ট্রিজের কাছে খেলাপি ঋণ ৫৯ কোটি টাকা হলেও এর বিপরীতে জামানত রয়েছে মাত্র ৩ কোটি টাকার জমি। মেসার্স যিল টেক্সটাইলের কাছে প্রধান শাখার পাওনা ৫৩ কোটি টাকা; এর বিপরীতে জামানত রয়েছে ৫৩ কোটি টাকার জমি ও যন্ত্রপাতি। মিসম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের কাছে লালদীঘি পূর্ব করপোরেট শাখার পাওনা ৫২ কোটি টাকা; এর বিপরীতে ৫৫ কোটি টাকার চেক আমানত হিসেবে রয়েছে। সুরুজ মিয়া জুট স্পিনিং মিলসের কাছে বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার পাওনা ৫০ কোটি টাকা ও মুন বাংলাদেশ প্রিন্টিং লিমিটেডের কাছে প্রধান শাখার পাওনা ৪৮ কোটি টাকা।
রুমা লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার পাওনা ৪২ কোটি টাকা। ইফতি ফ্যাশনের কাছে ৪২ কোটি টাকা ও মেসার্স ফেরদৌস জুট মিলের কাছে ৪০ কোটি টাকা পাওনা প্রধান শাখার। মেসার্স এস এ অয়েল রিফাইনারির কাছে আগ্রাবাদ করপোরেট শাখার পাওনা ৩৯ কোটি টাকা। এই ঋণ পুনর্গঠন করতে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলেও পর্যাপ্ত জামানত দিতে পারেনি গ্রাহক।
মেসার্স কেয়া ইয়ার্ন মিলসের কাছে রমনা করপোরেট শাখার পাওনা ৩৬ কোটি টাকা। ঋণ হিসাবটি পুনর্গঠনের জন্য বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলেও তা বাস্তবায়িত হয়নি। ক্যাসেন্ড্রা ইয়ার্ন ডাইংয়ের কাছে প্রধান শাখার পাওনা ৩৫ কোটি টাকা ও স্কাইল্যান্ড অ্যান্ড ফেমের কাছে পাওনা ৩৪ কোটি টাকা।
আলভী স্পিনিং মিলসের কাছে ওয়াপদা করপোরেট শাখার পাওনা ৩৩ কোটি টাকা। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালের ২৪ আগস্ট এই ঋণের মামলা প্রত্যাহার করা হয়েছে। এখনো অর্থ আদায়ে প্রতিষ্ঠানটি সঙ্গে যোগাযোগ রাখছে ব্যাংক।
পেঙ্গুইন আইচ অ্যান্ড ফিশ প্রসেসিংয়ের কাছে সাতক্ষীরার শ্যামনগর শাখার পাওনা ৩৩ কোটি টাকা। গুডউইল বেসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কাছে প্রধান শাখার পাওনা ৩২ কোটি টাকা।