নয় মাসে পণ্য রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি
চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) পণ্য রপ্তানি থেকে আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এর ফলে অর্থবছরের শেষ প্রান্তিকে উচ্চহারে রপ্তানি প্রবৃদ্ধি অর্জন ছাড়া বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যানুসারে, ২০১১-১২ অর্থবছরের জুলাই-মার্চ সময়কালে এক হাজার ৯০৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে পণ্য রপ্তানিতে আয় হয়েছে এক হাজার ৭৮৮ কোটি ৬০ লাখ ডলার। সেই হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় ৬ দশমিক ১৫ শতাংশ কম হয়েছে। তবে গত ২০১০-১১ অর্থবছরের একই সময়ের এক হাজার ৬২০ কোটি ৭০ লাখ ডলারের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ১০ দশমিক ৩৬ শতাংশ।চলতি অর্থবছরে বার্ষিক রপ্তানির মোট লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে দুই হাজার ৬৫০ কোটি ডলার। এখন এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অর্থবছরের শেষ তিন মাসে (এপ্রিল-জুন) মোট ৮৬১ কোটি ডলারের পণ্য রপ্তানি করতে হবে, যা হবে মোট লক্ষ্যমাত্রার প্রায় ৩৩ শতাংশ। নয় মাসের চালচিত্র: আলোচ্য সময়ে নিট পোশাক, কাঁচা পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, পাদুকা, টেরিটাওয়েল, কাঠ ও কাঠজাত পণ্য, শাকসবজি, হোম টেক্সটাইল, রাবার, রাসায়নিক সার, শুকনো খাবারসহ বেশ কিছু প্রধান পণ্যে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে পণ্য রপ্তানিতে চলতি অর্থবছরের প্রথম নয় মাসের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি। এদিকে, শুধু মার্চে পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১৯৮ কোটি ২২ লাখ ডলার, যা এই মাসে ২৩৪ কোটি ২৬ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৩৮ শতাংশ কম। ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-মার্চে রপ্তানির লক্ষ্যমাত্রা ও আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ওভেন পোশাক, কৃষিজাত পণ্য, চা, কাট ফ্লাওয়ার, ফল, রাসায়নিক পণ্য, প্রসাধন, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, ইলেকট্রিক পণ্য, বাইসাইকেল, ইঞ্জিনিয়ারিং পণ্য, আসবাব প্রভৃতিতে। তবে নিট পোশাক, হিমায়িত খাদ্য, শাকসবজি, হোম টেক্সটাইল প্রভৃতি পণ্যের রপ্তানি আয় আগের বছরের চেয়ে বাড়লেও তা এবারের লক্ষ্যমাত্রার তুলনায় কমেছে। এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পাট ও পাটজাত পণ্য, কাঁচা পাট, কার্পেট, টেরিটাওয়েল, কাঠ ও কাঠজাতপণ্য, রাবার, হিমায়িত মাছ, লোহা-স্টিল প্রভৃতি পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রার পাশাপাশি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে। আলোচ্য সময়কালে রপ্তানি আয়ের শীর্ষে রয়েছে ওভেন পোশাক খাত। এই খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৭১০ কোটি ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৩৯ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৯ দশমিক ২৪ শতাংশ বেশি। দ্বিতীয় স্থানে আছে নিট পোশাক খাত। খাতটি থেকে রপ্তানি আয় হয়েছে ৬৯৯ কোটি ৬২ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৯২ শতাংশ বেশি। কিন্তু এবারের লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৯৩ শতাংশ কম।