নয় মাসে প্রবাসী-আয় কমেছে ৬ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) দেশে পাঠিয়েছেন এক হাজার ৪৭ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। আগের বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন এক হাজার ১১২ কোটি ডলারের সমপরিমাণ অর্থ।
অর্থাৎ বছরওয়ারি ভিত্তিতে প্রবাসী-আয় কমেছে প্রায় ৬ শতাংশ। আর চলতি অর্থবছরে প্রবাসী-আয় বা রেমিট্যান্সে ভাটা লেগেই আছে। কয়েক বছর ধরে প্রবাসী-আয়ে উচ্চ প্রবাহ থাকলেও ২০১৩ সালে তাতে ভাটা পড়ে।
জনশক্তি রপ্তানি কমে যাওয়া, আবার বিশেষত সৌদি আরব ও মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ জনশক্তি দেশে ফিরে আসার ফলে প্রবাসী-আয়ে তার প্রভাব পড়েছে। অন্যদিকে ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় সাম্প্রতিক সময়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী-আয় আসাও কমেছে বলে ধারণা করা হচ্ছে। এবার বৈদেশিক মুদ্রার খোলা বাজার বা কার্ব মার্কেটে বেশি ব্যবসাও হয়েছে বলে জানা গেছে।
তবে মার্চ মাস পর্যন্ত অর্থবছরের নয় মাসের প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, ফেব্রুয়ারি ও মার্চে রেমিট্যান্সের গতি কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৭ কোটি ৩৩ লাখ ডলার। ফেব্রুয়ারিতে এসেছিল ১১৭ কোটি ৩১ লাখ ডলার।
রেমিট্যান্স কম এলেও রপ্তানি আয়ে অর্থবছরে আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। কিন্তু দেশে বিনিয়োগ মন্দা থাকায় আমদানি শ্লথ হয়ে পড়েছে। এতে বৈদেশিক খাতের চলতি হিসাবে বড় উদ্বৃত্ত হয়েছে।
অন্যদিকে বিদেশ থেকে বেসরকারি খাতে বড় অঙ্কের ঋণ (বায়ার্স ক্রেডিট) আনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত বছরের শেষভাগে প্রায় প্রতি মাসেই রিজার্ভ ১০০ কোটি ডলার করে বেড়েছে।