নয় মাসে রবির মুনাফা ৮০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে ৮০ কোটি টাকা প্রকৃত (নিট) লাভ করেছে মোবাইল ফোন অপারেটর রবি। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে রবি জানিয়েছে, ২০০৯ সালে তাদের লাভ ছিল ৮৪ কোটি টাকা। আর এবার নয় মাসেই সেই অঙ্কে পৌঁছেছে তারা। ঢাকার একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে রবি আরও জানায়, এদেশে এ বছর ১২ কোটি ২০ লাখ ডলারের বিনিয়োগ পরিকল্পনা রয়েছে তাদের। এক প্রশ্নের উত্তরে রবির ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কোহেনার বলেন, কোম্পানির আয়-উন্নতিতে তাঁরা খুশি। কিন্তু সরকার যেভাবে লাইসেন্স নবায়ন নীতিমালা করছে, সেটি তাঁদের দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে। তিনি বলেন, খসড়া নীতিমালা নবায়নে সরকারকে এত বেশি অর্থ দেওয়ার কথা বলা হয়েছে যে, স্থানীয় ব্যাংকও সেই পরিমাণ ঋণ দেওয়ার ক্ষমতা রাখে না।অপর এক প্রশ্নের উত্তরে মাইকেল জানান, শেয়ারবাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। তবে ঠিক কোন সময় তাঁরা আবেদন করবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি।উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) রবির আয় হয়েছে ৬২৬ কোটি টাকা। আয়ের ৩৯ শতাংশই বিভিন্ন কর এবং শুল্ক হিসেবে সরকারকে দেওয়া হয়েছে। আরও জানানো হয়, এবারের আয় দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১০ শতাংশ বেশি। আর গত বছরের একই সময়ের চেয়ে রবির আয় বেড়েছে ৪১ শতাংশ। ২০০৯ সালের তৃতীয় প্রান্তিকে তাদের আয় ছিল ৪৯০ কোটি টাকা। রবির গ্রাহকও বাড়ছে। এ বছরের তৃতীয় প্রান্তিকে ১১ লাখ ৭১ হাজার গ্রাহক বেড়েছে। আর গত বছর একই সময় তাদের গ্রাহক বাড়ে ১০ লাখ ৫৬ হাজার। সম্মেলনে আরও জানানো হয়, অবৈধ কল টার্মিনেশনের অভিযোগ থাকায় অপারেটরটি এ বছর এক লাখ ৫২ হাজার সিম বন্ধ করেছে। এর মধ্যে বিটিআরসির নির্দেশনা অনুসারে ৬৯ হাজার এবং নিজেদের তথ্যের ভিত্তিতে বন্ধ করা হয়েছে আরও ৮৩ হাজার।এ সময় রবির প্রধান নির্বাহী বিপণন কর্মকর্তা বিদুৎ কুমার বসু, প্রধান অর্থ কর্মকর্তা মাহাতাব উদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।