নয় মাসের আমদানি ব্যয় গত বছরের মোট ছাড়াল
চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম নয় মাসে দেশে পণ্য আমদানি ব্যয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।এই সময়কালে পণ্য আমদানির জন্য ব্যয় করতে হয়েছে দুই হাজার ৪১৬ কোটি ৮২ লাখ ডলার, যেখানে গত অর্থবছরের একই সময়ে আমদানি ব্যয় হয়েছিল এক হাজার ৭১৯ কোটি ১০ লাখ ডলার। শুধু তা-ই নয়, নয় মাসের আমদানি ব্যয় গত অর্থবছরের মোট আমদানি ব্যয়কেও ছাড়িয়ে গেছে। গত ২০০৯-১০ অর্থবছরের মোট আমদানি ব্যয়ের পরিমাণ ছিল দুই হাজার ৩৭৩ কোটি ৮৪ লাখ ডলার। আর ২০০৮-০৯ অর্থবছরের আমদানি ব্যয়ের পরিমাণ ছিল দুই হাজার ২৫০ কোটি ডলার, যা ছিল এর আগের অর্থবছরের চেয়ে ৪ শতাংশ বেশি। গত অর্থবছরের আমদানি ব্যয়ের প্রবৃদ্ধি হয়েছিল সাড়ে ৫ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। এটি অবশ্য আমদানি ব্যয়ের সিঅ্যান্ডএফ হিসাব। লেনদেনের ভারসাম্য সারণিতে এটি সমন্বয় করা হয় বলে সেখানে আমদানি ব্যয়ের পরিমাণ কিছুটা কম দেখানো হয়।পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, এই নয় মাসের মধ্যে সবচেয়ে বেশি পণ্য আমদানির ব্যয় নির্বাহ করতে হয়েছে মার্চ মাসে, যার পরিমাণ ৩১৩ কোটি ডলার। এর আগে জানুয়ারি মাসে সর্বোচ্চ ৩০৪ কোটি ৭৪ লাখ ডলারের পণ্য আমদানি করতে হয়েছে।আমদানি ব্যয় বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে মোট আমদানি ব্যয় তিন হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।আমদানি ব্যয় বেড়ে যাওয়া বৈদেশিক মুদ্রার, বিশেষত মার্কিন ডলারের চাহিদাও বেড়ে গেছে। এর ফলে বাংলাদেশি টাকার বিপরীতে ডলারের দর ক্রমেই বাড়ছে। প্রতি ডলারের বিনিময় হার গড়ে এখন ৭৩ টাকা।বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি ও দেশের মধ্যে চাহিদা বাড়ার প্রভাবে আমদানি ব্যয় বাড়ছে। আবার রপ্তানি আয়ের পরিমাণ আমদানি ব্যয়ের পরিমাণের চেয়ে অনেক বেশি। এর ফলে বেড়ে যাচ্ছে বাণিজ্য ঘাটতি।