নয় মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার নয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। একই সঙ্গে ডিএসইতে সাধারণ মূল্যসূচক, বেশির ভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন কমেছে। বাজার-বিশ্লেষকেরা দেনদেন কমে যাওয়ার ব্যাপারে বাজারে তারল্য-সংকটকে দায়ী করছেন। অনেকে বলছেন, বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থার সংকটের কারণে বাজারে এমন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। বাজারের স্থিতিশীলতা রক্ষায় প্রথমেই প্রয়োজন বিনিয়োগকারীদের আস্থা।ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৮৪৮ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে গত বছরের ১৫ এপ্রিল ৭৭২ কোটি টাকার লেনদেন হয়। এ ছাড়া ৬ জানুয়ারি ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৯৬৯ কোটি টাকা।গত বছরের ৫ ডিসেম্বর ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ তিন হাজার ২৪৯ কোটি টাকার লেনদেন হয়েছিল। এই হিসেবে আজ দুই হাজার ৪০১ কোটি টাকা কম লেনদেন হয়।এ ব্যাপারে ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, বাজারে বর্তমানে বেশ তারল্য-সংকট রয়েছে। মাঝেমধ্যে বিভিন্ন উপায়ে ঠেক দিয়ে বাজার স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতাও রয়েছে। আগামী মাসের শুরুতে বাজার আবার ঘুরে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এদিকে বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আজ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বলে জানা গেছে।ডিএসইতে আজ সাধারণ সূচক ৫৭ পয়েন্ট পতন হয়েছে। চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও পাঁচ মিনিটের মাথায় সূচকের পতন শুরু হয়। বেলা ১১টা ২৫ মিনিটে সূচক ৭৮ পয়েন্ট কমে যায়। এরপর একাধিকবার কিছুটা ঘুরে দাঁড়ালেও দিন শেষে সূচক ৫৭ পয়েন্ট কমে ৭৩৭৭.৫৮ পয়েন্টে দাঁড়ায়।আজ ডিএসইতে বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে মোট চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইর বাজার মূলধন তিন লাখ ২১ হাজার ৫৮৬ কোটি টাকা।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো ইউসিবিএল, এনবিএল, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, তিতাস গ্যাস, ডেসকো, গ্রামীণফোন, এবি ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ ও সাউথইস্ট ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে দেশবন্ধু পলিমারের শেয়ারের দাম। এ ছাড়া মারিকো, সিটি জেনারেল ইনস্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড, বার্জার পেইন্ট, রেনেটা, বিওসি, রিলায়েন্স ইনস্যুরেন্স ও বিডি ল্যাম্পস দাম বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।ডিএসইতে আজ সবচেয়ে বেশি কমেছে তাল্লু স্পিনিংয়ের শেয়ারের দাম। এ ছাড়া চিটাগাং ভেজিটেবল, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, সায়হাম টেক্সটাইল, বাংলাদেশ শিপিং করপোরেশন, কেয়া কসমেটিকস, প্রাইম ইনস্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, পিপলস ইনস্যুরেন্স দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।অন্যদিকে সিএসই সূত্রে জানা যায়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সাধারণ সূচক ২১.১৮ পয়েন্ট বেড়ে ২০৯৯৬.৮০১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে মোট সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া আর্থিক লেনদেন হয়েছে ৮৩ কোটি টাকার, যা গতকালের চেয়ে ৩৭ কোটি টাকা কম। গতকাল সিএসইতে ১২০ কোটি টাকার লেনদেন হয়।